১ এপ্রিল থেকে শুরু হাউস-লিস্টিং: ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, লিভ-ইন সম্পর্ক নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

২০২৭ সালের আসন্ন জনগণনায় এক যুগান্তকারী পরিবর্তনের কথা জানাল কেন্দ্র। এবার থেকে লিভ-ইন (Live-in) সম্পর্কে থাকা যুগলদের সরকারি নথিতে ‘বিবাহিত’ হিসেবেই গণ্য করা হবে। স্ব-গণনা পোর্টালের নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, কোনো যুগল যদি নিজেদের সম্পর্ককে স্থিতিশীল মনে করেন, তবে তাঁরা নিজেদের বিবাহিত দম্পতি হিসেবে পরিচয় দিতে পারেন। এর জন্য কোনো ম্যারেজ সার্টিফিকেট বা আইনি প্রমাণের প্রয়োজন হবে না।
আগামী ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে শুরু হচ্ছে ‘হাউস-লিস্টিং’ বা বাড়ি তালিকাভুক্তকরণ পর্ব। এই পর্বে মোট ৩৩টি প্রশ্ন করা হবে, যার মধ্যে একটি হলো পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা। উত্তরদাতারা নিজেদের জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী যে তথ্য দেবেন, গণনাকারীরা সেটিই নথিভুক্ত করবেন। প্রথম ১৫ দিন অনলাইনে স্ব-গণনার সুযোগ থাকবে, যেখানে ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে তথ্য জমা দেওয়া যাবে। তবে বাড়ির সঠিক অবস্থান বা জিও-ট্যাগিং করা বাধ্যতামূলক।