মাঝরাতেও খোলা ট্রেজারি! মার্চ ক্লোজিংয়ের চাপ সামলাতে নবান্নের বড় সিদ্ধান্ত

২০১৫-২৬ অর্থবর্ষের শেষ লগ্নে সরকারি কাজ ও বিল পাসের জট কাটাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নের অর্থ দপ্তরের অডিট শাখা থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার ৩১ মার্চও রাজ্যের সমস্ত ট্রেজারি এবং ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস খোলা থাকবে। পূর্বের নির্দেশিকা আংশিক পরিবর্তন করে এই অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা (মেমো নম্বর ১১৬৫ – F(Y)) অনুযায়ী, ৩১ মার্চ বিকেল ৪টে পর্যন্ত ট্রেজারিগুলিতে বিল এবং অ্যাডভাইস জমা নেওয়া হবে। বিশেষ করে যে সমস্ত অ্যালটমেন্ট বা স্যাংশন অর্ডার সোমবার গভীর রাতে বা মঙ্গলবার ইস্যু করা হবে, সেগুলির কাজ মেটানোর জন্য এই বাড়তি সময় অত্যন্ত কার্যকর হবে। শুধু বিল জমা নয়, সরকারি রসিদ বা প্রাপ্তি জমা দেওয়ার ক্ষেত্রেও বড় ছাড় দেওয়া হয়েছে। ৩১ মার্চ মধ্যরাত অথবা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সময় পর্যন্ত এই রসিদ গ্রহণ করা হবে এবং তা চলতি অর্থবর্ষের হিসেবের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। নবান্নের এই সিদ্ধান্তে সরকারি কর্মী থেকে শুরু করে ঠিকাদার— সকলেই বড়সড় স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।