মাঠে ২ টাকা, বাজারে ১৪! আলুর দামে ‘লুঠ’ রুখতে হিমশিম রাজ্য, পথে বসছেন চাষিরা

সাধারণ মানুষের পাতে সস্তার আলু আসলেও, চোখের জল ফেলছেন বাংলার অন্নদাতারা। বর্তমানে খুচরো বাজারে আলুর দাম ১৪ টাকা কেজি হলেও, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বা ঘাটালে কৃষকরা মাঠ থেকে সেই আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন মাত্র ২ থেকে ৩ টাকা কেজি দরে! ফড়েদের দাপটে বিঘাপ্রতি ১৬-১৭ হাজার টাকা লোকসান গুনছেন আলু চাষিরা। বিঘাপ্রতি ৪০ হাজার টাকা খরচ করে ঘরে আসছে মাত্র ২৩-২৪ হাজার টাকা।

পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, আলুর এই সংকট কাটাতে তারকেশ্বর থেকে সরাসরি অসম ও ত্রিপুরায় ট্রেনে করে আলু পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে চাষিরা মাঠ থেকে অন্তত কেজি প্রতি ৫-৭ টাকা দর পেতে শুরু করেছেন। যদিও রাজ্য সরকার সরাসরি ৭-৮ টাকা দরে আলু কেনার চেষ্টা করছে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে হিমঘর। রাজ্যের হিমঘরগুলো বর্তমানে কানায় কানায় পূর্ণ থাকায় নতুন করে আলু মজুত করার জায়গা নেই। বৃষ্টির আশঙ্কায় পচন রোধ করতে এখন হাহাকার পড়ে গিয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকায়।