খুশির খবর! ৩ মাসের বকেয়া এরিয়ার সহ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ

চৈত্র শেষে বৈশাখের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আসতে চলেছে বড়সড় উপহার। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। লেবার ব্যুরোর সাম্প্রতিক এআইসিপিআই-আইডব্লিউ (AICPI-IW) সূচকের তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, এবার ডিএ ২ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানের ৫৮% থেকে একলাফে ৬০ শতাংশে পৌঁছাতে পারে।

সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, এই বৃদ্ধি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। ফলে সরকারি কর্মীরা এপ্রিল মাসের বেতনের সাথেই জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ—এই তিন মাসের বকেয়া টাকা বা এরিয়ার (Arrears) একলপ্তে পেতে পারেন। উদাহরণস্বরূপ, যাদের মূল বেতন ১৮,০০০ টাকা, তাঁদের মাসিক বেতন প্রায় ৩৬০ টাকা বাড়বে এবং এরিয়ার হিসেবে তাঁরা পাবেন ১,০৮০ টাকা। অন্যদিকে লেভেল ১০-এর উচ্চপদস্থ কর্মীদের বেতন মাসে প্রায় ১,১২২ টাকা পর্যন্ত বাড়তে পারে। এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়ার মাঝেই সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ—’ডিএ কোনো দয়া নয়, এটি আইনি অধিকার’—কর্মচারীদের দাবিকে আরও শক্তিশালী করেছে। এখন কেবল কেন্দ্রীয় মন্ত্রিসভার আনুষ্ঠানিক সিলমোহরের অপেক্ষা।