নন্দীগ্রাম থেকে ভবানীপুর! দিলীপ-ধর্মেন্দ্রকে পাশে নিয়ে মেগা মনোনয়ন শুভেন্দুর

২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তমলুক সাংগঠনিক জেলার বিজয় সংকল্প সভা শেষ করে হলদিয়া মহকুমা শাসকের দফতরে সপারিষদ হাজির হন তিনি। শুভেন্দুর এই মেগা মনোনয়ন মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী দুটি হেভিওয়েট কেন্দ্র—নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে পদ্মফুল চিহ্নে লড়ছেন। রবিবারই তাঁর হাতে দলীয় প্রতীক তুলে দিয়েছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উল্লেখ্য, ২০২১-এর নির্বাচনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করে বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছিলেন শুভেন্দু। এবারও লড়াইয়ের ময়দান তপ্ত; নন্দীগ্রামে তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে একদা শুভেন্দু-ঘনিষ্ঠ পবিত্র করকে। অন্যদিকে, ভবানীপুরে ফের মুখোমুখি লড়াই হবে মমতা-শুভেন্দুর। হলদিয়ার রাস্তায় উপচে পড়া ভিড় এবং গেরুয়া শিবিরের উচ্ছ্বাস বলছে, ছাব্বিশের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ অধিকারী গড়।