‘বিজেপিকে আটকাতে গিয়েছিলাম, আজ দেখি তৃণমূলও এক!’ ঘরের ছেলে ফিরলেন কংগ্রেসে

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে ফের দলবদলের খেলায় সরগরম বঙ্গ রাজনীতি। এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে পুরোনো দল কংগ্রেসে ফিরে গেলেন বাদুড়িয়ার হেভিওয়েট বিধায়ক কাজি আব্দুল রহিম ওরফে দিলু। সোমবার দিল্লির ২৪, আকবর রোডে এআইসিসি (AICC) সদর দফতরে ঘাসফুল শিবির ত্যাগ করে তেরঙা পতাকা হাতে তুলে নেন তিনি।
২০২৬-এর নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তেই দিলুর এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দলবদলের পর বিস্ফোরক কাজি আব্দুল রহিম। তিনি বলেন, “২০২১ সালে বিজেপিকে আটকানোর তাগিদেই তৃণমূলে গিয়েছিলাম। কিন্তু আজ তৃণমূল আর বিজেপির মধ্যে কোনও ফারাক দেখতে পাচ্ছি না।” তিনি আরও যোগ করেন যে, নিজেকে তিনি সবসময় কংগ্রেসেরই লোক বলে মনে করেছেন এবং তৃণমূলে তিনি নিজেকে ‘অযোগ্য’ বলে মনে করতেন।
তৃণমূলের বিরুদ্ধে অন্যায় ও অবিচারের অভিযোগ তুলে তিনি জানান, যারা দুঃসময়ে দলের পাশে ছিল, তাদের টিকিট না দিয়ে উল্টে বিরোধীদের জায়গা করে দেওয়া হয়েছে। নিজের ইস্তফাপত্রে তিনি স্পষ্ট করেছেন, আদর্শের সঙ্গে আপস করা তাঁর পক্ষে সম্ভব নয়। উল্লেখ্য, কাজি আব্দুল রহিমের এই ঘরওয়াপসি উত্তর ২৪ পরগনায় কংগ্রেসের মাটি শক্ত করতে পারে কি না, এখন সেটাই দেখার।