ল্যাপটপ থেকে বিনামূল্যে পাম্পসেট— তামিলনাড়ু জয়ের লক্ষ্যে প্রতিশ্রুতির বন্যা ছোটালেন এমকে স্ট্যালিন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই দক্ষিণ ভারতে প্রতিশ্রুতির ‘বোমা’ ফাটালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রবিবার শাসক দল দ্রাবিড় মুনেত্রা কাজাঘম (DMK) তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, যা দেখে রাজনৈতিক মহলের চক্ষু চড়কগাছ। ভোটারদের মন জয় করতে এবার নগদ টাকা থেকে শুরু করে গৃহস্থালির সরঞ্জাম কেনার কুপন— কিছুই বাকি রাখলেন না স্ট্যালিন। সবচেয়ে বড় চমক হিসেবে ঘোষণা করা হয়েছে, নতুন ফ্রিজ, ওয়াশিং মেশিন বা মাইক্রোওভেন কেনার জন্য পরিবার পিছু ৮০০০ টাকার বিশেষ সরকারি কুপন দেওয়া হবে।
মহিলা ভোটারদের কথা মাথায় রেখে স্ট্যালিন বড় ঘোষণা করেছেন। বর্তমানে তামিলনাড়ুতে মহিলারা মাসে ১০০০ টাকা করে সরকারি অনুদান পান, যা বাড়িয়ে ২০০০ টাকা করার অঙ্গীকার করা হয়েছে ইস্তেহারে। এখানেই শেষ নয়, প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা বাড়িয়ে মাসে ২০০০ টাকা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ২৫০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষা ক্ষেত্রেও বড় দাওয়াই দিয়েছে ডিএমকে; রাজ্যের প্রায় ৩৫ লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে ল্যাপটপ এবং ছাত্র পিছু ১৫০০ টাকা করে আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে।
কৃষক ও পড়ুয়াদের জন্য একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করেছে শাসক দল। আগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলে বিনামূল্যে প্রাতঃরাশ দেওয়া হত, এবার তা অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়েছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে কৃষকদের বিনামূল্যে পাম্পসেট দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ইস্তেহারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্ট্যালিনের এই ‘গিফট পলিটিক্স’ বিরোধী শিবিরকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এখন দেখার, এই দরাজ হস্ত প্রতিশ্রুতির বন্যায় তামিলনাড়ুর মসনদ আবার ডিএমকে-র দখলে আসে কি না।