নির্বাচনী মহাপ্রলয়! জেলাশাসক-পুলিশের পর এবার বিডিও-দের কোপ কমিশনের, কাঁপছে নবান্ন?

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। পুলিশ এবং আমলাদের পর এবার কোপ পড়ল ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিক বা বিডিও-দের ওপর। রবিবার বিকেলে এক নজিরবিহীন নির্দেশিকায় রাজ্যজুড়ে একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি করল কমিশন। এই তালিকায় সবথেকে বেশি নজর কেড়েছে নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের বিডিও-দের অপসারণ।

কমিশন সূত্রে খবর, ২৮ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো প্রস্তাব অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সবথেকে বেশি বদলি করা হয়েছে শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে। সেখানে মোট ১৪ জন বিডিও-কে সরানো হয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন, উত্তর ২৪ পরগনায় ৭ জন এবং হুগলি ও মালদহে ৫ জন করে বিডিও-কে বদলি করা হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও মালদহের গুরুত্বপূর্ণ ব্লকগুলোতেও রদবদল কার্যকর করা হচ্ছে।

ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র মতো শীর্ষপদগুলোতে রদবদল করেছে কমিশন। এমনকি ভবানীপুর সহ ৭৩ জন রিটার্নিং অফিসারকেও (আরও) সরানো হয়েছিল। এবার তৃণমূল স্তরে সরাসরি ভোট পরিচালনার দায়িত্বে থাকা বিডিও-দের এই গণ-বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নবান্ন প্রতি ক্ষেত্রেই অপসারিত আধিকারিকদের নতুন পদে বহাল করলেও, কমিশনের এই লাগাতার ‘শুদ্ধিকরণ’ অভিযানে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের অভিযোগ ছিল, অনেক বিডিও শাসকদলের ক্যাডার হিসেবে কাজ করছেন। কমিশনের এই পদক্ষেপে সেই জল্পনা আরও তুঙ্গে উঠল।