কেন ঢুকছে না যুবসাথীর ১৫০০ টাকা? মানবাজারের সভা থেকে আসল কারণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা!

রাজ্য সরকারের নতুন ‘যুবসাথী’ প্রকল্পের ১৫০০ টাকা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার মানবাজারে তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, কেন অনেক যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি।
কেন আটকে আছে টাকা? মুখ্যমন্ত্রী জানান, মূলত আবেদনের কারিগরি ত্রুটির কারণেই এই সমস্যা হচ্ছে। তিনি বলেন, “অনেকে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, কারণ তাদের আবেদনগুলো ‘ডুপ্লিকেট’ হয়ে গিয়েছে বা তথ্যে কিছু গোলমাল আছে। ঘাবড়ানোর কিছু নেই, আপনাদের ডেকে নিয়ে এসে সেই ভুল ঠিক করে দেওয়া হবে।” মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, “এটা কোনও ভিক্ষা নয়, যুবকদের হাতখরচ এবং অধিকার। যারা এখনও পাননি, তারা দ্রুত পেয়ে যাবেন, প্রসেস চলছে।”
প্রকল্পের খুঁটিনাটি: উল্লেখ্য, ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। প্রতি মাসে ১৫০০ টাকা করে সর্বাধিক ৫ বছর এই আর্থিক সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে ১ এপ্রিলের বদলে মার্চ মাস থেকেই এই টাকা দেওয়া শুরু হবে। যাদের স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি, তাদের ক্ষেত্রেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও এদিন সভা থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ আজীবন চালু রাখার এবং কাঁচা বাড়ি পাকা করে দেওয়ার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী।