“৮ম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা!”-কত বাড়বে স্যালারি? কবে মিলবে বকেয়া টাকা?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বহুল প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে বড় তথ্য সামনে আনল কেন্দ্র। সংসদে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালের ৩ নভেম্বর থেকেই আনুষ্ঠানিকভাবে এই কমিশন গঠন করা হয়েছে। তবে বেতন বৃদ্ধির সুবিধা হাতে পেতে কতদিন অপেক্ষা করতে হবে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ।

কবে বাড়বে বেতন? অর্থ মন্ত্রক জানিয়েছে, কমিশনকে তাদের সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। যদিও কাগজে-কলমে এই নতুন কাঠামো ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা, তবে বাস্তবে পকেটে টাকা ঢুকতে ২০২৬ সালের শেষ বা ২০২৭ অর্থবর্ষ পর্যন্ত সময় লেগে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বেতন দিতে দেরি হলেও কর্মচারীরা ১ জানুয়ারি ২০২৬ থেকেই যাবতীয় বকেয়া বা এরিয়ার (Arrears) টাকা পাবেন।

কতটা বাড়তে পারে স্যালারি? অষ্টম বেতন কমিশনের অধীনে বেতন ঠিক কতটা বাড়বে, তা নিয়ে চলছে জোর চর্চা।

  • ফিটমেন্ট ফ্যাক্টর: মনে করা হচ্ছে, ২.৪ থেকে ৩ ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন সংশোধন করা হবে।

  • বৃদ্ধির হার: অতীতের ট্রেন্ড অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশনে ৪০% এবং সপ্তম বেতন কমিশনে প্রায় ২৫% বেতন বৃদ্ধি হয়েছিল। অষ্টম কমিশনের ক্ষেত্রে এই বৃদ্ধি ২০ থেকে ৩৫ শতাংশ হতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।

আপনার মতামত চাইছে সরকার! এবার আর কেবল রুদ্ধদ্বার বৈঠকে নয়, বেতন কাঠামো নির্ধারণে সাধারণ মানুষের মতামতও নিচ্ছে সরকার। MyGov পোর্টালে ১৮টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড করা হয়েছে। কেন্দ্রীয় কর্মচারী, পেনশনভোগী থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবাই আগামী ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত অনলাইনে নিজেদের মতামত জানাতে পারবেন।

চূড়ান্ত সিদ্ধান্ত কিসের ওপর? কমিশন বর্তমানে রিপোর্ট তৈরির কাজে ব্যস্ত। আগামী ১২ থেকে ১৮ মাসের মুদ্রাস্ফীতি, দেশের জিডিপি বৃদ্ধি এবং কর আদায়ের পরিস্থিতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত বেতনের অঙ্ক নির্ধারিত হবে।