দিল্লিতে কংগ্রেসের মেগা বৈঠক শেষ! ২৯৪ আসনে চূড়ান্ত প্রার্থীর নাম, আজ রাতেই কি চমক?

বঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা নিয়ে কংগ্রেসের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। শনিবার বিকেলে দিল্লির ২৪, আকবর রোডে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) হাই-ভোল্টেজ বৈঠক শেষ হয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৮৬টি আসনেই প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে দল। বাকি ৮টি আসন নিয়ে আরও একদফা আলোচনার পর সিলমোহর পড়বে। আজ রাতেই বা রবিবার সকালে বহুল প্রতীক্ষিত এই তালিকা প্রকাশিত হতে পারে।

একলা চলার নীতি: এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল এবং প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বাংলা থেকে অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার এবং এআইসিসি ইন-চার্জ গোলাম আহমেদ মীর বৈঠকে যোগ দেন। বামেদের সঙ্গে জোটের জল্পনা উড়িয়ে দিয়ে কংগ্রেস এবার ‘একলা চলো’ নীতিতে লড়ছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও পুরুলিয়ার মতো জেলাগুলোতে বিশেষ নজর দিচ্ছে হাইকম্যান্ড। বহরমপুর থেকে লড়ছেন খোদ অধীর চৌধুরী।

প্রচারে ঝড় তুলতে মরিয়া হাইকম্যান্ড: তৃণমূল, বিজেপি ও সিপিএম ইতিমধ্যেই প্রচারে অনেকটা এগিয়ে গেলেও কংগ্রেসের দাবি, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তারা ঘাটতি পূরণ করে নেবে। গোলাম আহমেদ মীর জানিয়েছেন, প্রায় ২৫০০ আবেদন জমা পড়েছিল, যা থেকে লড়াকু নেতাদের বেছে নেওয়া হয়েছে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আগামী মাসেই বাংলায় একগুচ্ছ জনসভা করতে পারেন। কেরল পর্ব মিটলেই জাতীয় স্তরের সব বড় নেতারা বাংলায় ঝাঁপিয়ে পড়বেন। রবিবারের সূর্য ওঠার আগেই প্রার্থীদের নাম স্পষ্ট হয়ে যাবে বলে আশা করছে রাজনৈতিক মহল।