বিরাটের ডাই-হার্ড ফ্যান! আরসিবি সমর্থকদের ফ্রিতে স্টেডিয়াম পৌঁছে দিচ্ছেন এই অটো চালক, কেন জানেন?

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী মহাযুদ্ধে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরছে ক্রিকেট, আর তাকে কেন্দ্র করে বেঙ্গালুরু শহর এখন কার্যত ‘লাল-সোনালি’ জ্বরে কাঁপছে। তবে এই উন্মাদনার মাঝে সবার নজর কেড়ে নিয়েছেন এক সাধারণ অটো চালক, যার আরসিবি প্রেম হার মানাবে যেকোনো সেলিব্রিটিকেও!
অভিনব উদ্যোগ: শনিবার স্টেডিয়ামের দিকে যাওয়া এক অটো রিকশার ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ওই অটো চালক তাঁর গাড়ির পিছনে হাতে লেখা একটি পোস্টার লাগিয়েছেন। সেখানে লেখা— “ম্যাচ ডে: আরসিবি বনাম এসআরএইচ। আপনি যদি আরসিবি-র জার্সি পরে থাকেন, তবে অটো ভাড়া সম্পূর্ণ ফ্রি! এ সালা কাপ নামদু ২.০। আরসিবি ফরএভার।” অর্থাৎ, প্রিয় দলের জার্সি গায়ে থাকলেই কোনো টাকা ছাড়াই সমর্থকদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন তিনি।
চ্যাম্পিয়নের আবেগ: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত বছর প্রথমবার আইপিএল ট্রফি জিতেছে বিরাট কোহলির দল। তারপর থেকেই বেঙ্গালুরুবাসীদের আবেগ আকাশছোঁয়া। এবার খেতাব ধরে রাখার লড়াই বা ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ হিসেবে মাঠে নামছে আরসিবি। সেই আনন্দেই সমর্থকদের এই বিশেষ উপহার দিচ্ছেন ওই চালক। কোহলি-ম্যাক্সওয়েলদের অনুশীলনের বিধ্বংসী মেজাজ দেখে ভক্তদের বিশ্বাস, এবারও কাপ ঘরেই থাকবে। মাঠের লড়াই শুরুর আগেই এই অটো চালকের ‘পাগলু প্রেম’ বুঝিয়ে দিল, কেন বেঙ্গালুরুকে ফুটবলের পর ক্রিকেটেরও অন্যতম আবেগপ্রবণ শহর বলা হয়।