‘মোটা ভাই, জবাব চাই!’ শাহের চার্জশিটের পাল্টা তোপ মহুয়া-ব্রাত্যদের; মণিপুর থেকে সংসদ হানা—বিঁধল তৃণমূল

লকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তৃণমূল সরকারের দুর্নীতির ‘চার্জশিট’ প্রকাশ করছেন, তার ঠিক ঘণ্টাখানেকের মধ্যেই নজিরবিহীন পাল্টা আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মহুয়া মৈত্র, কীর্তি আজাদ এবং ব্রাত্য বসু মিলে প্রকাশ করলেন ‘মোটা ভাই, জবাব চাই’ নামক পাল্টা চার্জশিট। সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলির ব্যর্থতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ত্রুটিগুলি একে একে তুলে ধরা হয়।

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সরাসরি আক্রমণ করেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “আপনার হাতে দেশের নিরাপত্তা, অথচ পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে ঠান্ডা মাথায় গুলি করে মারা হলো। তখন আপনার বাহিনী কোথায় ছিল?” তিনি আরও অভিযোগ করেন, বিজেপির এক সাংসদের বিবাহবার্ষিকীতে যেখানে শত শত নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কেন ‘শূন্য’?

তৃণমূলের এই চার্জশিটে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মণিপুর ইস্যুকে। মহুয়া প্রশ্ন করেন, “তিন বছর ধরে মণিপুর জ্বলছে। মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো হয়েছে, গণহত্যা হয়েছে। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কী করেছেন?” পাশাপাশি ২০২৩ সালের সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা এবং অভিযুক্তদের বিজেপি সাংসদের মাধ্যমেই পাস পাওয়ার বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল।

অনুপ্রবেশ ইস্যুতে শাহর আক্রমণের পাল্টা জবাব দিয়ে মহুয়া মৈত্র পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, খোদ অমিত শাহর মন্ত্রকই রাজ্যসভায় কবুল করেছে যে গত ১০ বছরে পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৩,৫০০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তৃণমূলের দাবি, যদি সীমান্ত সুরক্ষার ৯৭ শতাংশ কাঁটাতারের কাজ শেষ হয়ে থাকে, তবে অনুপ্রবেশের দায় তো সরাসরি বিএসএফ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওপরই বর্তায়। সব মিলিয়ে, শাহর সফরের দিনেই পাল্টা রণকৌশল নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা।