আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা আরসিবি শিবিরে! হায়দরাবাদ ম্যাচে নেই তারকা পেসার

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তার আগেই দুঃসংবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) শিবিরে। আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারবেন না গতবারের চ্যাম্পিয়ন দলের অন্যতম সেরা অস্ত্র জশ হ্যাজেলউড। শুক্রবার প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
কেন খেলবেন না হ্যাজেলউড? কোচ জানিয়েছেন, হ্যাজেলউড সদ্যই দলে যোগ দিয়েছেন। দীর্ঘ বিমান সফরের ক্লান্তি এবং ম্যাচ ফিটনেস খতিয়ে দেখার পরেই তাঁকে মাঠে নামানো হবে। গত মরশুমে ২২টি উইকেট নিয়ে আরসিবি-র খেতাব জয়ে বড় ভূমিকা ছিল এই অজি পেসারের।
বিকল্পের খোঁজে আরসিবি: শুধু হ্যাজেলউড নন, ব্যক্তিগত আইনি সমস্যার কারণে এবারের মরশুমে নেই যশ দয়ালও। তাঁর বদলে বাঁ-হাতি বোলার মাঙ্গেশকে দলে নিয়েছে আরসিবি। এছাড়া রাসিক, অভিনন্দন এবং মাঙ্গেশ—এই তিন ভারতীয় পেসারের মধ্যে কেউ একজন হায়দরাবাদ ম্যাচে বিরাটের দলের হয়ে অভিষেক করতে পারেন।