‘লকডাউন পাকিস্তানে হচ্ছে, ভারতে নয়!’ দেশজুড়ে আতঙ্কের গুঞ্জন উড়িয়ে কড়া জবাব নির্মলা সীতারামনের

পশ্চিম এশিয়ায় ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্বজুড়ে ‘এনার্জি লকডাউন’-এর যে আতঙ্ক তৈরি হয়েছে, তা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার রাজ্যসভায় ২০২৬ সালের অর্থ বিল নিয়ে আলোচনা চলাকালীন তিনি সাফ জানিয়ে দেন, ভারতে লকডাউনের কোনও সম্ভাবনা নেই এবং এই সংক্রান্ত সমস্ত রটনা সম্পূর্ণ ভিত্তিহীন।
পাকিস্তান ও বাংলাদেশের প্রসঙ্গ সীতারামন বলেন, “ভিত্তিহীন গুজব ছড়িয়ে জনগণের মনে ভয় সৃষ্টি করা হচ্ছে। লকডাউন কোথায় হচ্ছে? এটা পাকিস্তানে হচ্ছে, ভারতে নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি প্রভাবিত হলেও ভারত সরকার পরিস্থিতি এমনভাবে সামাল দিচ্ছে যাতে নাগরিকদের কোনও অসুবিধা না হয়। প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি জানান, ভারত নিজের সম্পদ ও নাগরিকদের চাহিদা সতর্কতার সঙ্গে পরিচালনা করছে।
গুজব রটনাকারীদের হুঁশিয়ারি রাজনীতিবিদ ও সাধারণ মানুষকে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ভারত এক জন ভালো প্রতিবেশী হিসেবে অন্যদের সাহায্য করছে, কিন্তু দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।