ভোটের মুখে এসআইআর কাঁটা! মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার হাইকোর্টে জোরালো সওয়াল শাসকদলের

২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে এসআইআর (SIR) ভোটার তালিকা বিতর্ক নিয়ে আরও আগ্রাসী রূপ নিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেইল মারফত তিন পাতার চিঠি পাঠাল ঘাসফুল শিবির। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা দমদম উত্তরের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এই চিঠিটি লিখেছেন।
চিঠিতে কী আর্জি জানানো হয়েছে? তৃণমূলের অভিযোগ, তাদের ১১ জন প্রার্থীর নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছে। চিঠির সঙ্গে ওই ১১ জন প্রার্থীর নাম এবং তাঁদের ভোটার কার্ডের এপিক (EPIC) নম্বর সম্বলিত একটি তালিকাও যুক্ত করে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এই আইনি জটিলতা দ্রুত মেটাতে প্রধান বিচারপতির সরাসরি হস্তক্ষেপ দাবি করেছে দল।
মমতার পর এবার আইনি লড়াই এর আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে এই ইস্যুতে সওয়াল করতে দেখা গিয়েছিল। এবার হাইকোর্টে এই পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে, তৃণমূল এই ইস্যুটিকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে প্রার্থীদের নাম নিয়ে এই অনিশ্চয়তা তৃণমূলের নির্বাচনী রণকৌশলে বড় প্রভাব ফেলতে পারে।