আকাশে অজেয় ভারত! ৪৪৫ কোটির চুক্তিতে রাশিয়া থেকে আসছে ‘টুঙ্গুস্কা’ এয়ার ডিফেন্স

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্ভেদ্য করতে রাশিয়ার সঙ্গে এক বড়সড় প্রতিরক্ষা চুক্তি করল কেন্দ্র। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘রোসোবোরোনএক্সপোর্ট’-এর সঙ্গে প্রায় ৪৪৫ কোটি টাকার (৪৭ মিলিয়ন ডলার) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে ভারতীয় সেনাবাহিনী পেতে চলেছে অত্যাধুনিক টুঙ্গুস্কা (২এস৬এম) এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম।
টুঙ্গুস্কার বিশেষত্ব কী? টুঙ্গুস্কা একটি অত্যন্ত শক্তিশালী এবং স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একই সঙ্গে গান (কামান) এবং মিসাইল ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। নিচু দিয়ে উড়ে আসা ড্রোন, ক্রুজ মিসাইল, হেলিকপ্টার বা যুদ্ধবিমানকে চিহ্নিত করে মুহূর্তের মধ্যে তা ধ্বংস করতে এটি পারদর্শী। বিশেষ করে সীমান্ত এলাকায় স্বল্প ও মাঝারি পাল্লার হুমকির বিরুদ্ধে এটি ভারতের ‘সুরক্ষা কবচ’ হিসেবে কাজ করবে।
রণকৌশলে ভারতের শক্তি বৃদ্ধি আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার বাড়ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এস-৪০০-এর মতো দূরপাল্লার সিস্টেমের পাশাপাশি টুঙ্গুস্কার মতো স্বল্প পাল্লার মোবাইল ডিফেন্স সিস্টেম সেনার ফিল্ড ইউনিটগুলোর জন্য অত্যন্ত জরুরি ছিল। এই চুক্তির ফলে ভারতীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ক্ষমতা কয়েক গুণ বেড়ে গেল। আমেরিকা ও রাশিয়ার টানাপড়েনের মধ্যেও এই চুক্তি ভারত-রুশ কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করল।