বঙ্গজয়ের ব্লু-প্রিন্ট! ৫ এপ্রিল উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু মোদীর, আলিপুরদুয়ারে মহাগর্জন

২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের বঙ্গজয়ে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। ব্রিগেডের মেগা সভার পর থেকেই রাজ্যবাসী ও রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল— কবে থেকে প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বিজেপি দলীয় সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ৫ এপ্রিল থেকেই বাংলায় নির্বাচনী প্রচারের যাত্রা শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী।
শুরুটা উত্তরবঙ্গ থেকেই বিজেপির নির্বাচনী রণকৌশল অনুযায়ী, প্রচারের প্রথম পর্ব শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে। ৫ এপ্রিল আলিপুরদুয়ারে একটি বিশাল জনসভার মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারের সূচনা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২৩ এবং ২৯ এপ্রিল— এই দুই দফায় এরাজ্যে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় অর্থাৎ ২৩ এপ্রিল উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট হওয়ার কারণে শুরুতেই এই অঞ্চলকে লক্ষ্য করে ঝাপিয়ে পড়তে চাইছে পদ্ম শিবির।
ব্রিগেড থেকে আলিপুরদুয়ার: পরিবর্তনের বার্তা গত ১৪ মার্চ ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মোদী। তার ঠিক পরদিনই কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে। তারপর থেকেই মোদীর বঙ্গ সফর নিয়ে দলের অন্দরে নানা জল্পনা ছিল। কেউ চেয়েছিলেন রামনবমীর আবহে প্রচার শুরু হোক, আবার কেউ মার্চের শেষে। তবে সব জল্পনা উড়িয়ে ৫ এপ্রিল দিনটি চূড়ান্ত করা হয়েছে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজই কলকাতা আসছেন তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করতে, অন্যদিকে মোদীর এই সফরের ঘোষণা— সব মিলিয়ে ভোটের আগে বাংলার রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী।