তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ হাতে আজই কলকাতায় শাহ! ১৪টি পয়েন্টে মমতাকে বিঁধতে বড় ছক বিজেপির

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে কোমর বেঁধে নামছে বিজেপি। আজ, শুক্রবার রাতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নিউ টাউনের একটি বেসরকারি হোটেল থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির বহু প্রতীক্ষিত ‘চার্জশিট’ বা শ্বেতপত্র প্রকাশ করবেন তিনি। এই নথিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের শাসনকালের বিভিন্ন ‘অবনতি’র খতিয়ান তুলে ধরা হবে বলে বিজেপি সূত্রে খবর।
শহরে শাহের ঠাসা কর্মসূচি বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে দিল্লি থেকে রওনা দিয়ে রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন শাহ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি নিউ টাউনের হোটেলে যাবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন। শনিবার দুপুর ১২টা থেকে শুরু হবে তাঁর মূল কর্মসূচি। দুপুর ১টা পর্যন্ত চলা এক সংবাদ সম্মেলনে তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগমালা সংবলিত এই চার্জশিট প্রকাশ করবেন। এই কর্মসূচিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যের মতো শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারেন।
টার্গেট ১৪টি ক্ষেত্র ও অভিষেক জানা গিয়েছে, এই শ্বেতপত্রে মোট ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে, যেখানে তৃণমূল সরকারের ব্যর্থতা তুলে ধরবে গেরুয়া শিবির। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, বিজেপির এই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। বিজেপি প্রথমে তৃণমূলের ‘ব্যর্থতা’ বা সমস্যাগুলি জনসমক্ষে এনে তার পরেই দলের নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করে সমাধানের পথ দেখাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। শাহের আগমন ঘিরে কলকাতায় নিরাপত্তা ব্যবস্থা এক্কেবারে নিশ্ছিদ্র করা হয়েছে।