কলকাতায় পারফর্ম করতে গিয়ে চরম বিপাকে সুনিধি চৌহান! মাঝপথেই স্তব্ধ গান, তারপর যা ঘটল…

কলকাতার মঞ্চে সুরের জাদু ছড়াতে এসে চরম যান্ত্রিক বিভ্রাটের মুখে পড়লেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। তাঁর ‘I Am Home India Tour 2025–26’-এর অংশ হিসেবে বুধবার তিলোত্তমার বুকেও ঝড় তুলেছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানের মাঝপথেই হঠাৎ মাইক বিকল হয়ে যাওয়ায় তৈরি হয় এক অস্বস্তিকর পরিস্থিতি। তবে বিপত্তি কাটিয়ে যেভাবে দর্শকরা মঞ্চ সামলে নিলেন, তা দেখে কার্যত অভিভূত খোদ গায়িকা।
গত ২৫ মার্চ কলকাতার শো-টি হওয়ার কথা ছিল আরও আগে। শারীরিক অসুস্থতা ও গলার সংক্রমণের কারণে ১৪ মার্চের পরিবর্তে অনুষ্ঠানটি পিছিয়ে ২৫ মার্চ নির্ধারণ করা হয়েছিল। লখনউয়ের কনসার্টে গলার ব্যথায় গান গাইতে না পেরে চোখের জল ফেলেছিলেন সুনিধি, যা তাঁর কেরিয়ারে বিরল ঘটনা। সেই ধাক্কা সামলে কলকাতায় ফিরলেও এদিন বাধা হয়ে দাঁড়াল প্রযুক্তি।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, পারফরম্যান্সের সময় হঠাৎই সুনিধির কলার মাইকটি কাজ করা বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দর্শকদের জানান যে তাঁর মাইকটি বিকল হয়ে গিয়েছে। তবে দমেননি গায়িকা। তড়িঘড়ি একটি হ্যান্ডহেল্ড মাইক হাতে নিয়ে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই’ ছবির জনপ্রিয় গান ‘পার্দা’র প্রথম কয়েকটি কলি গাইতে শুরু করেন। কিন্তু কলার মাইক ঠিক করার জন্য তাঁকে গান থামাতে হয়। ঠিক তখনই তৈরি হয় এক অবিস্মরণীয় মুহূর্ত।
সুনিধি গান থামাতেই উপস্থিত হাজার হাজার অনুরাগী সমস্বরে গানের বাকি লাইনগুলো গাইতে শুরু করেন। পুরো প্রেক্ষাগৃহ তখন দর্শকদের কণ্ঠে মুখরিত। দর্শকদের এই অভাবনীয় সাড়া দেখে মঞ্চেই অবাক হয়ে যান সুনিধি। যান্ত্রিক ত্রুটি যে অনুষ্ঠানের আনন্দ মাটি করতে পারেনি, বরং দর্শকদের ভালোবাসায় তা এক অনন্য রূপ পায়, তা সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার তুঙ্গে। দ্রুত টেকনিশিয়ানরা মঞ্চে এসে মাইকটি মেরামত করার পর পুনরায় ছন্দে ফেরে অনুষ্ঠান। নেটিজেনরা বলছেন, “ত্রুটি হলেও কলকাতার দর্শকদের আবেগ জয় করে নিল সুনিধির এই শো।”