আসল শঙ্খ নয়, স্রেফ মাটি দিয়ে বাজছে সুর! রায়গঞ্জের গৃহবধূর তাক লাগানো ব্যবসায় পকেটে আসছে লক্ষ্মী

কথায় বলে, যে রাঁধে সে চুলও বাঁধে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বীরঘই এলাকার গৃহবধূ বাসনা সরকার যেন সেই প্রবাদেরই জীবন্ত উদাহরণ। কোনো দামী কাঁচামাল নয়, স্রেফ হাতের কাছে থাকা সাধারণ মাটি দিয়েই তিনি তৈরি করছেন এমন এক জিনিস, যা দেখে তাক লেগে যাচ্ছে আট থেকে আশির। তাঁর তৈরি ‘মাটির শঙ্খ’ এখন বাজারে দারুণ জনপ্রিয়, আর তাতেই খুলছে আয়ের রাস্তা।

মাটির শঙ্খেই আসল সুর সাধারণত শঙ্খ সমুদ্রের সম্পদ, কিন্তু বাসনা দেবী প্রমাণ করেছেন মাটির শঙ্খও আসল শঙ্খের মতোই জোরে বাজানো সম্ভব। বিগত দু’বছর ধরে এই অভিনব ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। নিজের হাতে মাটির শঙ্খের নিখুঁত আকার দেন বাসনা। এরপর সেগুলিকে কড়া রোদে শুকিয়ে কাঠকয়লার আগুনে পুড়িয়ে মজবুত করা হয়। সবশেষে রং করলেই তা চেনা দায় যে এটি মাটি না আসল সমুদ্রের শঙ্খ!

স্বনির্ভরতার এক অনন্য নজির বাসনা সরকারের দাবি, এই শঙ্খগুলি স্রেফ মাটি দিয়ে তৈরি হলেও এগুলির টেকসই ক্ষমতা অনেক। এমনকি জল দিয়ে ধুলে এগুলির শব্দ আরও পরিষ্কার হয়। ছোটবেলায় শোনা কথাকে বাস্তবে রূপ দিতে গিয়েই তাঁর এই প্রচেষ্টা। আজ তাঁর হাতের জাদুতে তৈরি এই শঙ্খ বাজারে বিক্রি করে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। তাঁর এই ছোট্ট বুদ্ধি ও অদম্য ইচ্ছা শক্তি এখন এলাকার অন্য মহিলাদের কাছেও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।