তৃণমূলের নালিশে বড় জয়! ভবানীপুরের বিতর্কিত রিটার্নিং অফিসার সরাচ্ছে কমিশন, চাওয়া হল ৩ নাম!

বাংলার বিধানসভা নির্বাচনের হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরকে ঘিরে রাজনৈতিক পারদ এখন সপ্তমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মেগা লড়াইয়ের মাঝেই এবার রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে বড়সড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের কড়া আপত্তির মুখে ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবের কাছে এই পদের জন্য নতুন তিনজনের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করার পর। তৃণমূলের অভিযোগ, সুরজিৎ রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এবং তাঁর নিয়োগ ভবানীপুর কেন্দ্রের নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে নষ্ট করতে পারে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরই তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েন সরাসরি দিল্লির নির্বাচন সদনে চিঠি লিখে এই নিয়োগের বিরোধিতা করেন। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছিল পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়ালকেও।
২০২১-এর নন্দীগ্রামের স্মৃতি উসকে দিয়ে তৃণমূলের দাবি ছিল, নন্দীগ্রামের প্রশাসনিক আধিকারিককে ভবানীপুরে আনা আসলে এক গভীর চক্রান্তের অংশ। ঘাসফুল শিবিরের এই ক্রমাগত চাপের মুখে শেষ পর্যন্ত নতিস্বীকার করতে বাধ্য হল কমিশন। মঙ্গলবার থেকেই এই নিয়োগ নিয়ে যে চাপানউতোর শুরু হয়েছিল, তার অবসান ঘটাতেই মুখ্য সচিবকে দ্রুত তিন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে বলা হয়েছে। এখন দেখার, হাই-ভোল্টেজ ভবানীপুরের রাশ শেষ পর্যন্ত কার হাতে তুলে দেয় কমিশন।