‘আমাকে ভুল প্রমাণ করে দেখাও!’ আইপিএল শুরুর আগেই নাইট অধিনায়ক রাহানেকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লেন আকাশ চোপড়া

২০২৬ আইপিএলের দামামা বাজার আগেই উত্তপ্ত নাইট শিবির। এবার সরাসরি কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক অজিঙ্ক রাহানেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তাঁর দাবি, গতবারের ব্যর্থতা মুছে নিজেকে প্রমাণ করার এটাই শেষ সুযোগ রাহানের সামনে। শুধু তাই নয়, পাওয়ারপ্লের পর রাহানের কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন তিনি তুলেছিলেন, এবার মাঠেই তার জবাব দেওয়ার জন্য উসকে দিলেন নাইট সেনাপতিকে।

কী সেই ওপেন চ্যালেঞ্জ? নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া সরাসরি রাহানেকে আক্রমণ করে বলেন, “রাহানের সামনে অনেক কিছু প্রমাণ করার আছে। আমি ওর সমালোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পাওয়ারপ্লের ৬ ওভার মিটে গেলে ওর ভূমিকা বড্ড সীমিত হয়ে পড়ে। ও ঝোড়ো গতিতে রান তুলতে পারে না। এবার সুযোগ এসেছে, ও যেন আমাকে ভুল প্রমাণিত করে।” গত মরশুমে ১২ ইনিংসে ৩৯০ রান করলেও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাহানেকে। এবার সেই তকমা ঘোচাতে মরিয়া হতে হবে তাঁকে।

গম্ভীর-ধোঁয়াশা ও রিঙ্কু ফ্যাক্টর: কলকাতা নাইট রাইডার্সের অন্দরমহলে কান পাতলে এখনও শোনা যায় গৌতম গম্ভীরের অভাবের কথা। অনেকেই মনে করেন গম্ভীর নেই বলেই ট্রফি খরা কাটছে না। আকাশ চোপড়া মনে করেন, এই ধারণা ভুল প্রমাণ করার দায়িত্বও এবার রাহানের কাঁধে। ট্রফি জিতেই যেন তিনি সব সমালোচনার মুখ বন্ধ করেন। অন্যদিকে, রিঙ্কু সিংকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করায় উচ্ছ্বসিত আকাশ। তাঁর মতে, “রিঙ্কু শুধু সহ-অধিনায়ক নয়, আগামী দিনে ও-ই কেকেআরের অধিনায়ক হবে। তবে ওকে ফিনিশার হিসেবে না রেখে ব্যাটিং অর্ডারে একটু উপরের দিকে পাঠানো উচিত। তাহলে ও আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।”

বিসিসিআই ইতিধ্যেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। আগামী ২৯ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করছে কেকেআর। একদিকে আকাশের মতো সমালোচকদের ‘ভুল’ প্রমাণ করার জেদ, অন্যদিকে রিঙ্কুর নতুন ভূমিকা— সব মিলিয়ে ২০২৬ আইপিএলে এক নতুন লড়াইয়ের অপেক্ষায় নাইট সমর্থকরা। এখন দেখার, রাহানে কি পারবেন মাঠের পারফরম্যান্সে আকাশের চ্যালেঞ্জের যোগ্য জবাব দিতে?