সোনার দামে মহাপ্লাবন! একলাফে ৫০০০ টাকা বাড়ল দর, এখনই কি গয়না কেনার শেষ সুযোগ?

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে সোনার বাজারে ফের বড়সড় বিস্ফোরণ। ইরান ও আমেরিকার মধ্যে সংঘাতের আবহে দীর্ঘ টানাপড়েনের পর হঠাৎ করেই একলাফে অনেকটা বেড়ে গেল সোনা ও রুপোর দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX-এ এপ্রিলের সোনার ফিউচারের দাম প্রায় ৪ শতাংশ বা ৫,৬৫৪ টাকা বেড়ে ১০ গ্রাম পিছু ১ লক্ষ ৪৪ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। একইভাবে রুপোর দামেও দেখা গিয়েছে ৬ শতাংশের বিশাল লাফ।
হঠাৎ কেন এই দাম বৃদ্ধি? বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে। আমেরিকা ইতিমদ্যেই ইরানের কাছে ১৫ দফা দাবি পাঠিয়েছে। যুদ্ধ শেষের এই জল্পনা শুরু হতেই বিনিয়োগকারীরা ফের সোনার দিকে ঝুঁকতে শুরু করেছেন। আন্তর্জাতিক বাজার বা কমেক্স-এও (COMEX) সোনার দাম প্রায় ৪.৪৮ শতাংশ বেড়ে ৪,৬৩৩ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে।
সোনার দাম কতদূর যেতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সোনার দাম ১ লক্ষ ৪৩ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকার মধ্যে ওঠানামা করছে, যা বাজারের মজবুত ভিতের ইঙ্গিত দেয়। তবে অনুকূল পরিস্থিতি থাকলে এই দাম খুব শীঘ্রই ১ লক্ষ ৫৫ হাজার থেকে ১ লক্ষ ৫৭ হাজার টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। রুপোর ক্ষেত্রেও দাম ২ লক্ষ ৪০ হাজার টাকার বাধা অতিক্রম করতে পারে বলে মনে করা হচ্ছে।
এখনই কি সোনা কেনা বুদ্ধিমানের কাজ? বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ভূ-রাজনৈতিক উত্তেজনার এই সময়ে সোনা সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে ঢালাও বিনিয়োগের আগে দাম কিছুটা কমার অপেক্ষা করা প্রয়োজন। বর্তমান অস্থির বাজারে হুজুগে না মেতে বুঝেশুনে পা ফেলার পরামর্শ দিচ্ছে ‘স্বর্ণশিল্প বাঁচাও কমিটি’ সহ অন্যান্য বিশেষজ্ঞ মহল।