দমদমে নামতে পারল না মমতার বিমান! রানাঘাট থেকে ডায়মন্ড হারবার— দুর্যোগের মধ্যে মাঝ-আকাশে চক্কর

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে বড়সড় বিপদের মুখে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বীরভূম ও পাণ্ডবেশ্বরের কর্মসূচি শেষ করে অন্ডাল থেকে কলকাতা ফেরার পথে প্রবল ঝড় ও বজ্রবৃষ্টির কবলে পড়ে তাঁর বিশেষ বিমানটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা ধরে কলকাতার আকাশে চক্কর কাটতে বাধ্য হন পাইলট।

উত্তেজনাপূর্ণ সেই এক ঘণ্টা: নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেই সময় দমদম ও সংলগ্ন উত্তর ২৪ পরগনায় ধেয়ে আসে কালবৈশাখী। ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির জেরে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। রাডার সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় বিমানটি নদিয়ার রানাঘাট, কৈখালি, সোনারপুর এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ওপর দিয়ে বারবার চক্কর কাটতে থাকে।

নিরাপদ অবতরণ: বিকেল ৫টার পর আবহাওয়ার কিছুটা উন্নতি হলে এটিসি-র (ATC) সবুজ সঙ্কেত পায় বিমানটি। অবশেষে প্রায় এক ঘণ্টার উৎকণ্ঠা কাটিয়ে নিরাপদে অবতরণ করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। ঝড়ের তীব্রতায় বিমানবন্দরের কিছু অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।