পেট্রোল-ডিজেলের আকাল? জল্পনায় জল ঢেলে বড় ঘোষণা কেন্দ্রের, হাতে আছে ২ মাসের তেল!

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ভারতে জ্বালানি সংকটের যে গুজব ছড়িয়েছিল, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের কাছে বর্তমানে প্রায় ৬০ দিনের (২ মাস) পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। ফলে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার (No Panic) পরামর্শ দিয়েছে সরকার।

মজুত ভাণ্ডারের শক্তি: কেন্দ্রীয় তথ্য ব্যুরো (PIB) মারফত জানানো হয়েছে, আগামী ৬০ দিনের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ভারতের মোট জ্বালানি মজুত রাখার ক্ষমতা ৭৪ দিনের হলেও, বর্তমানে কৌশলগত ভাণ্ডার এবং শোধনাগার মিলিয়ে প্রায় ২ মাসের স্টক হাতে রয়েছে। দেশের তেল শোধনাগারগুলি বর্তমানে ১০০ শতাংশের বেশি ক্ষমতায় কাজ করছে।

গুজবে কান না দেওয়ার আহ্বান: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তেলের অভাব বা রেশনিংয়ের খবরকে ‘ভুল তথ্য’ বলে চিহ্নিত করেছে মন্ত্রক। সরকার স্পষ্ট করেছে যে, ভারত বর্তমানে ৪০টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করে। ফলে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীতে উত্তেজনা থাকলেও বিকল্প উৎস থেকে তেলের জোগান অব্যাহত রয়েছে।

এলপিজি ও পিএনজি সংযোগ: রান্নার গ্যাসের (LPG) জোগান নিয়েও আশ্বস্ত করেছে কেন্দ্র। দেশের অর্ধেকের বেশি চাহিদা এখন অভ্যন্তরীণ উৎপাদন থেকেই মিটছে। এছাড়া আমেরিকা, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে এলপিজি ভর্তি জাহাজ ভারতের পথে রয়েছে। পাশাপাশি, পাইপলাইন ন্যাচারাল গ্যাস (PNG) সম্প্রসারণের কাজও দ্রুত গতিতে চলছে যাতে ভবিষ্যতে আমদানির ওপর নির্ভরতা আরও কমানো যায়।