কমিশন কি বিজেপির ‘বি-টিম’? রাতারাতি অফিসার বদল ও দাগি পর্যবেক্ষক নিয়োগ নিয়ে গর্জে উঠলেন ব্রাত্য-সায়নী!

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে অভিযোগ-পাল্টা অভিযোগের পাহাড় জমছে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত এক হাই-ভোল্টেজ সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির আঁতাত নিয়ে বিস্ফোরক সব দাবি করলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এবং দমদমের বিদায়ী বিধায়ক ব্রাত্য বসু। সায়নী ঘোষের সরাসরি অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে বা ভয় দেখিয়ে তৃণমূলকে রুখতে না পেরে এবার ইভিএম (EVM) হ্যাক করে ভোটে জেতার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি।
ইভিএম হ্যাক ও অফিসার বদল নিয়ে তোপ: সায়নী ঘোষ এদিন সংবাদমাধ্যমের সামনে বলেন, “যখন কোনও কিছুতেই কাজ হল না, তখন এখন ইভিএম হ্যাক করার চক্রান্ত চলছে। নির্বাচন কমিশন কার্যত বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছে।” তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের প্রায় ৭৩ জন রিটার্নিং অফিসার এবং ডিজি, এডিজি পদমর্যাদার শীর্ষ আধিকারিকদের রাতারাতি বদলি করে দেওয়া হয়েছে। সায়নীর দাবি, এই সমস্তটাই করা হচ্ছে বিজেপির অঙ্গুলিহেলনে যাতে নির্বাচনের রাশ গেরুয়া শিবিরের হাতে থাকে।
পর্যবেক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগ: সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু আরও এক ধাপ এগিয়ে নির্দিষ্ট কয়েকজন পর্যবেক্ষকের নাম ধরে দুর্নীতির খতিয়ান তুলে ধরেন। তাঁর অভিযোগ, ভিন রাজ্য থেকে এমন সব আধিকারিকদের বাংলায় পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে যাঁদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত বিতর্কিত।
-
গাজোল (মালদা): ব্রাত্যবাবুর দাবি, মহারাষ্ট্রের ৮ হাজার কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার দুর্নীতিতে যুক্ত ধীরাজ কুমারকে গাজোলে পর্যবেক্ষক করা হয়েছে।
-
বনগাঁ দক্ষিণ: এখানে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে মধ্যপ্রদেশের অজয় কাটিসারিয়াকে, যাঁকে দুর্নীতিগ্রস্ত হিসেবে চেনে সারা দেশ। ব্রাত্যর প্রশ্ন, “দাগি আধিকারিকদের নিয়ে এসে বিজেপি আসলে কীসের জাল বুনছে?”
রাজনৈতিক মহলে চাঞ্চল্য: তৃণমূলের এই অভিযোগের পর স্বভাবতই চাপ বেড়েছে নির্বাচন কমিশনের ওপর। যদিও ইভিএম হ্যাকের অভিযোগ এর আগে রাহুল গান্ধী বা অরবিন্দ কেজরিওয়ালও তুলেছেন, কিন্তু ভোট শুরুর আগেই নাম ধরে ধরে পর্যবেক্ষকদের ‘দুর্নীতি’ ফাঁস করা তৃণমূলের নতুন কৌশল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সায়নী ও ব্রাত্যর সাফ কথা, বাংলার মানুষ এই ‘পরিকল্পিত কারচুপি’ মুখ বুজে সহ্য করবে না। এখন দেখার, তৃণমূলের এই কামানের গোলার পাল্টা বিজেপি কী সাফাই দেয়।