গঙ্গারামপুরে শ্যুটআউট: ২৪ ঘণ্টার মধ্যেই জালে ২! তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনায় বড় সাফল্য পুলিশের!

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযানে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতদের নাম মনোজ জয়সওয়াল এবং বিশ্বজিৎ কুণ্ডু (গাড়িচালক)। বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) শুভতোষ সরকার এই সাফল্যের কথা জানান। তবে এই ঘটনার মূল অভিযুক্ত তথা গঙ্গারামপুর টাউন তৃণমূল এসসি, ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী এখনও পলাতক।

ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার গভীর রাতে গঙ্গারামপুর থানার একেবারে সামনেই তৃণমূল কর্মী শিবা চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযোগের তির ওঠে স্থানীয় তৃণমূল নেতা বাবু চৌধুরী ও তাঁর অনুগামীদের দিকে। অতর্কিত এই হামলায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই আহত শিবা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ এক রাউন্ড কার্তুজের খোল উদ্ধার করেছে।

আক্রমণের নেপথ্যে কারণ: প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই ঘটনার মূলে রয়েছে পুরনো ব্যবসায়িক শত্রুতা। রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা ব্যক্তিগত গন্ডগোলই শেষ পর্যন্ত শ্যুটআউটের রূপ নেয় বলে মনে করা হচ্ছে। আহত শিবা চৌধুরী বর্তমানে বিপদমুক্ত এবং বুধবার রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ: নির্বাচনের মুখে থানার সামনে এই ধরনের দুঃসাহসিক হামলায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এলাকায় নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আজ সকালেই কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করেছে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত বাবু চৌধুরীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ধৃত দু’জনকে আজই গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।