“৫০০ টাকার টিকিটে আটকে স্বপ্ন!”-‘ধুরন্ধর ২’-এ অভিনয় করেও কেন অটো চালাচ্ছেন বদরুল?

বক্স অফিসে রেকর্ড ভাঙাগড়ার খেলা চালাচ্ছে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। রণবীর সিং, সঞ্জয় দত্ত আর আর মাধবনের মতো মেগাস্টারদের ভিড়েও ছবির শেষ দৃশ্যে দর্শকদের মন জিতে নিয়েছেন এক সাধারণ অটোচালক। কিন্তু পর্দার সেই অভিনেতার বাস্তব জীবনটা সিনেমার চেয়েও বেশি ট্র্যাজিক। ৯১৯ কোটি টাকার ব্যবসা করা ছবির অংশ হয়েও প্রেক্ষাগৃহে গিয়ে নিজের অভিনয় দেখার সামর্থ্য নেই অভিনেতা বদরুল ইসলামের।
“২৫০০ টাকা কোথায় পাব?” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বদরুলের সরল স্বীকারোক্তি নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে। বদরুল আদতে একজন পেশাদার অটোচালক। তিনি জানান, বর্তমানে সিনেমার টিকিটের দাম প্রায় ৫০০ টাকা। সপরিবারে সিনেমা দেখতে গেলে খরচ হবে ২৫০০ টাকা। বদরুলের কথায়, “আমরা বাড়িতে পাঁচজন। সারা মাস টেনেটুনে চললে তবেই ওই টাকাটা আমরা সঞ্চয় করতে পারি। সন্তানদের নিয়ে সিনেমা দেখাটা আমার কাছে এখন বিলাসিতা।”
নিষ্পাপ আকুতিতে আবেগপ্রবণ নেটপাড়া বদরুলকে যখন জিজ্ঞেস করা হয় তাঁর ছেলেমেয়েরা তাঁকে পর্দায় দেখতে চায় কি না, তিনি জানান— তারা ভীষণ আগ্রহী। কিন্তু পকেটের অবস্থা সেই স্বপ্নপূরণের পথে বড় বাধা। বড় পর্দায় নিজেকে দেখার সুপ্ত বাসনা মনে চেপে রেখে তিনি বলেন, “ছবিটা তো মাত্র মুক্তি পেল, এত টাকা এখন কোথায়? পরে কোনওদিন সুযোগ হলে দেখে নেব।”
View this post on Instagram
পরিচালকের কাছে বিশেষ অনুরোধ রণবীর সিং বা সঞ্জয় দত্তরা যখন কোটি কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এবং ছবিটি হাজার কোটির ক্লাবে ঢোকার অপেক্ষায়, তখন বদরুলের মতো ছোট শিল্পীদের এই দুর্দশা মেনে নিতে পারছেন না অনুরাগীরা। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই পরিচালক আদিত্য ধরের কাছে অনুরোধের পাহাড় জমেছে। নেটিজেনদের দাবি, এই ছোট শিল্পীদের জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হোক।
সিনেমা যখন গ্ল্যামার আর আভিজাত্যের কথা বলে, বদরুলের মতো চরিত্ররা তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন রূপোলি পর্দার পেছনের রূঢ় বাস্তবকে।