পাকিস্তানে WFH, বাংলাদেশে অনলাইন ক্লাস; ইরান যুদ্ধে চরম সংকটে কোন কোন দেশ?

মধ্যপ্রাচ্যের রণংদেহি মেজাজে বিশ্বজুড়ে ঘনিয়ে এসেছে চরম জ্বালানি সংকট। ইরান থেকে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মতো এশীয় দেশগুলো এখন দিশেহারা। পরিস্থিতি সামাল দিতে একেক দেশ একেক রকম কড়া পদক্ষেপ নিয়েছে, যা বদলে দিচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা।

পাকিস্তান ও বাংলাদেশে স্থবিরতা জ্বালানি সংকটে সবচেয়ে নাজেহাল দশা পাকিস্তানের। সেখানে তেলের খরচ বাঁচাতে স্কুল-কলেজ টানা দু’সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজ (WFH) করতে বলা হয়েছে এবং অফিসে কর্মসপ্তাহ কমিয়ে ৪ দিন করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশেও শুরু হয়েছে কড়াকড়ি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস ফেরানো হয়েছে এবং ৮ মার্চ থেকে কঠোরভাবে জ্বালানি রেশনিং চালু করা হয়েছে।

অন্যান্য দেশে বিচিত্র সব নিয়ম:

  • মায়ানমার: দিল্লির কায়দায় রাস্তায় নামানো হয়েছে ‘অড-ইভেন’ ফর্মুলা। অর্থাৎ গাড়ির নম্বরের ভিত্তিতে নির্দিষ্ট দিনে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হচ্ছে।

  • শ্রীলঙ্কা: ধুঁকতে থাকা এই দ্বীপরাষ্ট্রে সপ্তাহে একদিন অতিরিক্ত ছুটি (বুধবার) ঘোষণা করেছে সরকার।

  • থাইল্যান্ড: বিদ্যুৎ বাঁচাতে এসির তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রিতে বেঁধে দেওয়া হয়েছে।

  • ভুটান ও ভিয়েতনাম: ভুটানে জেরিক্যানে তেল বিক্রি নিষিদ্ধ হয়েছে। ভিয়েতনামে মানুষকে সাইকেল চালাতে এবং কারপুলিং করতে উৎসাহিত করা হচ্ছে।

চিন ও ফিলিপিন্সের সতর্কতা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ চিনেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। সাধারণ মানুষকে আগের চেয়ে ২০ শতাংশ বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। এদিকে ফিলিপিন্সে জারি হয়েছে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র খাদ্য ও ওষুধের সরবরাহ ঠিক রাখতে বিশেষ কমিটি গঠন করেছেন।

দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার কৌশল গ্যাস ও তেলের জোগান কমায় দক্ষিণ কোরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে। ইন্দোনেশিয়াও নিজেদের প্রয়োজন মেটাতে বিদেশে কয়লা রপ্তানি কমিয়ে দিয়েছে।

সব মিলিয়ে, পশ্চিম এশিয়ার এই রক্তক্ষয়ী সংঘর্ষ কেবল সীমান্তের লড়াইয়ে সীমাবদ্ধ নেই; এর আঁচ এসে লেগেছে এশিয়ার প্রতিটি মানুষের রান্নাঘর থেকে শুরু করে অফিসের ডেস্কেও। পরিস্থিতি আরও ঘোরালো হলে ভবিষ্যতে আরও কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে দেশগুলো।