উত্তরপাড়ায় মীনাক্ষী-শীর্ষণ্যর বিরুদ্ধে বিজেপির বাজি প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বুধবার ১৯টি কেন্দ্রের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (BJP)। এই তালিকায় সবথেকে বড় চমক আরজি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসক ‘অভয়া’-র মা রত্না দেবনাথ। তাঁকে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। প্রথম থেকেই জল্পনা ছিল তিনি লড়তে পারেন, সম্প্রতি সস্ত্রীক বিজেপিতে যোগ দেওয়ার পর আজ তাঁর নামে সিলমোহর দিল দল।

গুরুত্বপূর্ণ প্রার্থীদের তালিকা: বিজেপির এই তালিকায় বেশ কিছু হেভিওয়েট ও নতুন মুখ স্থান পেয়েছে। উত্তরপাড়া কেন্দ্রে প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে, যাঁর লড়াই হবে তৃণমূলের শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। এছাড়া কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বোস, রায়গঞ্জে দীনেশ সরকার এবং ইংরেজ বাজারে অম্লান ভাদুড়ির নাম ঘোষণা করা হয়েছে। চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ ও চুঁচুড়ায় সুবীর নাগকে টিকিট দেওয়া হয়েছে।

তালিকা একনজরে (১৯ জন):

  • পানিহাটি: রত্না দেবনাথ (অভয়ার মা)

  • উত্তরপাড়া: দীপাঞ্জন চক্রবর্তী

  • কোচবিহার দক্ষিণ: রথীন্দ্রনাথ বোস

  • শান্তিপুর: স্বপন দাস

  • সিঙ্গুর: অরূপ কুমার দাস

  • মেদিনীপুর: শঙ্কর গুছাইত

  • তমলুক: হরেকৃষ্ণ বেরা

  • কাটোয়া: কৃষ্ণ ঘোষ

বিষ্ণুপুর কেন্দ্রে আগে ঘোষিত প্রার্থী অগ্নিশ্বর নস্করের বদলে এবার বিশ্বজিৎ খানকে টিকিট দিয়েছে দল। শরিক দল আজসু-কে বাঁকুড়ার জয়পুর আসনটি ছাড়া হয়েছে। এখনও ১৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে।