‘বুথে তালিকা টাঙালে অশান্তি হতে পারে!’ ৪০ হাজার বুথের সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কেন থমকে কমিশন?

সোমবার মধ্যরাতে এসআইআর (SIR) প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও কেন তা এখনও রাজ্যের প্রতিটি বুথে পৌঁছাল না? বুধবার সেই ধোঁয়াশা কাটালো নির্বাচন কমিশন। জানা গিয়েছে, প্রথম দফায় প্রায় ১০ লক্ষ নাম সম্বলিত তালিকা জেলাশাসকদের হাতে এলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তা বুথে বুথে ঝোলানো যাচ্ছে না।
কমিশন সূত্রে খবর, রাজ্যে ৮০ হাজারেরও বেশি বুথ থাকলেও প্রথম পর্যায়ে মাত্র ৪০ হাজার বুথের তালিকা প্রস্তুত হয়েছে। এই তালিকায় প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে বলে মনে করা হচ্ছে। অসম্পূর্ণ তালিকা বুথে টাঙালে ভোটারদের মধ্যে উত্তেজনা বা বিভ্রান্তি তৈরি হতে পারে, যা থেকে বড়সড় অশান্তির আশঙ্কা করছেন জেলাশাসকরা। এই কারণেই তালিকা হাতে থাকলেও তা জনসমক্ষে আনতে সময় নেওয়া হচ্ছে।
অন্যদিকে, ভোট কর্মীদের নিয়োগ নিয়ে এদিন এক অত্যন্ত কড়া নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। স্পষ্ট জানানো হয়েছে, ভোটের কাজে কোনোভাবেই কোনো চুক্তিভিত্তিক বা সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা যাবে না। শুধুমাত্র কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের দিয়েই ভোট পরিচালনা করতে হবে। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৩০ মার্চের মধ্যে সরকারি কর্মীদের পৃথক তালিকা তৈরি করে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে।