‘লিখে রাখুন ১৭৭-এর নিচে নামবে না বিজেপি!’ রামনগরে দাঁড়িয়ে মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

পূর্ব মেদিনীপুরের রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে আয়োজিত এক জনসভায় কার্যত কালবৈশাখী ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মঞ্চ থেকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দাবি করেন, ২০২৬-এর নির্বাচনে বিজেপি স্রেফ জিতবে না, বরং বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। শুভেন্দুর স্পষ্ট বার্তা, “এবার বিজেপি ১৭৭-এর নিচে নামবে না। আমার কথা রেকর্ড করে নিন, মিলিয়ে নেবেন।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে শুভেন্দু মনে করিয়ে দেন ২০২১-এর নন্দীগ্রাম যুদ্ধের কথা। তিনি বলেন, “আমি আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও আপনাকে হারাবো। আপনার পরাজয় নিশ্চিত।” শুধু তাই নয়, ভোটার তালিকা সংশোধন নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ভোটার তালিকায় যে কারচুপি ছিল, তা এবার পরিষ্কার করা হয়েছে। শুভেন্দুর ভাষায়, “ভোটার তালিকা থেকে সব দূষিত জল বেরিয়ে গেছে।” অর্থাৎ, ভুয়া ভোটার ছেঁটে ফেলায় এবার বিজেপির জয় কেউ আটকাতে পারবে না বলেই তাঁর বিশ্বাস। রামনগরের এই সভা থেকে শুভেন্দুর আক্রমণাত্মক মেজাজ স্পষ্ট করে দিল যে, আসন্ন নির্বাচনে ইঞ্চি জমিও ছাড়তে নারাজ গেরুয়া শিবির।