‘৪ মে-র পর বাংলায় ফের খেলা হবে অকাল হোলি!’ দলীয় কর্মীদের টার্গেট ফিক্সড করে দিলেন নিতিন নবীন

পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে এসে এক বিস্ফোরক বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন নবীন। বুধবার কলকাতায় দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে গিয়ে তিনি দাবি করেন, আগামী ৪ মে-র পর বাংলায় অকাল হোলি খেলা হবে। তাঁর কথায়, “বিজেপি সরকার গঠন নিশ্চিত। একবার দোল হয়েছে, আবার হোলি খেলা হবে ৪ তারিখের পর, যখন নতুন সরকার দায়িত্ব নেবে।”
তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে নিতিন বলেন, এই সরকার ‘মা-মাটি-মানুষ’-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের রক্ষক হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের ডেমোগ্রাফিক পরিবর্তন এবং কাটমানি সংস্কৃতির বিরুদ্ধে মানুষকে গর্জে ওঠার আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, রাজ্যে কোনো শিল্প নেই, বেকারদের কাজ নেই, আর মা-বোনেরা চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দলীয় কর্মীদের উদ্দেশে ‘অর্জুনের লক্ষ্যভেদে’র উদাহরণ টেনে তিনি বলেন, “প্রতিটি বুথ জিতলেই আমরা রাজ্য জিতব। মোদীজি বারবার বুথ জেতার কথা বলেন। আমাদের কর্মীরা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে গেছে। এবার অর্জুনের মতো পাখির চোখ করে এগোতে হবে।” বর্ডার এলাকায় জমি না দেওয়া এবং কেন্দ্রীয় সংস্থাকে বাধা দেওয়ার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেন তিনি। নিতিনের দাবি, বাংলার মানুষ এখন এই ‘নির্মম সরকার’ থেকে মুক্তি চায় এবং বিজেপিই সেই ভরসা পূরণ করবে।