“অলরাউন্ডারদের গুরুত্ব কমছে!” ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে রোহিতের পর এবার সরব অক্ষর প্যাটেল

আইপিএল ২০২৬ শুরু হওয়ার মুখে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে ফের উত্তাল ক্রিকেট মহল। গতবার রোহিত শর্মা এই নিয়ম নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন, এবার সেই তালিকায় যোগ দিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। তাঁর সাফ কথা, ব্যক্তিগতভাবে এই নিয়ম তিনি একদমই পছন্দ করেন না।
অক্ষরের আপত্তির কারণ: একজন অলরাউন্ডার হিসেবে অক্ষর মনে করেন, এই নিয়ম অলরাউন্ডারদের প্রাসঙ্গিকতা কমিয়ে দিচ্ছে। তাঁর মতে, “আগে দলগুলো নির্দিষ্ট ভূমিকার জন্য অলরাউন্ডারদের ওপর ভরসা করত। এখন ইমপ্যাক্ট প্লেয়ার থাকায় দলগুলো আলাদা করে ব্যাটার বা বোলার নামিয়ে নিতে পারে। ফলে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে। নিয়ম হিসেবে মানতে হলেও, ব্যক্তিগতভাবে আমি এটা সমর্থন করি না।”
চোট ও ফর্ম নিয়ে খোলসা: গত কয়েক মরসুমে অক্ষরের বোলিংয়ের ওভার কমে যাওয়া নিয়ে জল্পনা ছিল। তবে অক্ষর জানিয়েছেন, এর কারণ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নয়, বরং তাঁর আঙুলের চোট। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আঙুলে গভীর ক্ষত হওয়ায় তিনি বল গ্রিপ করতে পারছিলেন না। তবে গত সাতটি ম্যাচের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
সেরার লড়াই: ২০২৪ ও ২০২৬ টি-২০ বিশ্বকাপ এবং মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী বর্তমান ভারতীয় দলকে অনেকেই ২০০০ সালের অপরাজেয় অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করছেন। তবে বাস্তববাদী অক্ষর জানান, “প্রতিটি যুগের আলাদা সেরা দল থাকে। আমরা শুধু ভয়ডরহীন ক্রিকেট খেলে শাসন বজায় রাখতে চাই।”