৪০-এ কঙ্গনা! জন্মদিনে মোদীর দরবারে সপরিবারে ‘কুইন’, প্রধানমন্ত্রীর থেকে কী উপহার পেলেন সাংসদ?

অভিনয়ের গ্ল্যামার জগত থেকে এখন তিনি রাজনীতির ময়দানের দাপুটে নেত্রী। সোমবার, ২৩ মার্চ ৪০ বছরে পা দিলেন হিমাচল প্রদেশের মাণ্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। আর জীবনের এই বিশেষ মাইলফলকটি তিনি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সান্নিধ্যে।
উপহারের আদান-প্রদান: এদিন সকালেই বাবা-মা এবং ভাই-বোনকে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান কঙ্গনা। কঙ্গনা নিজে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন হিমাচলের ঐতিহ্যবাহী একটি শাল। পিছিয়ে ছিলেন না কঙ্গনার ভাইও; তিনি মোদীকে উপহার দেন ভগবান বিষ্ণুর দশাবতার খচিত একটি অপূর্ব পিতলের ফ্রেম। অন্যদিকে, প্রধানমন্ত্রীও কঙ্গনাকে খালি হাতে ফেরাননি। তিনি অভিনেত্রীকে সুন্দর একটি ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং বেশ কিছুক্ষণ সপরিবারে তাঁদের সঙ্গে আড্ডা দেন।
স্মরণীয় মুহূর্ত: প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এই সময় ও সঠিক পথনির্দেশনাকে নিজের জীবনের অন্যতম সেরা ‘বার্থডে গিফট’ হিসেবে বর্ণনা করেছেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “পরিবারের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীর সময় ও পথনির্দেশনা পেলাম। আমার কাছে এটি একটি স্মরণীয় জন্মদিন।”