‘ভোট কমেনি, ভুয়ো ভোটার বাদ গিয়েছে!’ ভবানীপুরে জয়ের সমীকরণ বোঝালেন শুভেন্দু অধিকারী

২০২৬-এর বিধানসভা নির্বাচনে সবথেকে চর্চিত কেন্দ্র এখন দক্ষিণ কলকাতার ভবানীপুর। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার টিভি৯ বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নিজের জয়ের আত্মবিশ্বাস ও তৃণমূলের রণকৌশল নিয়ে মুখ খুললেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’ ও ভোটার তালিকার ম্যাজিক: ভবানীপুরে ভোটার সংখ্যা ২ লক্ষ ৫ হাজার থেকে কমে ১ লক্ষ ৬০ হাজারে নেমে আসা নিয়ে শুভেন্দু বলেন, “ওখানে ভুয়ো ভোট বাদ গিয়েছে। এখন একটি পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমার আশা নিশ্চয়ই পূরণ হবে।” প্রথম দিন ২৫ হাজার ভোটে জয়ের কথা বললেও এদিন তিনি বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিয়েছেন।
তৃণমূলকে তীব্র আক্রমণ:
-
জনবিচ্ছিন্ন মুখ্যমন্ত্রী: শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের একটি বড় অংশের ভোটারকে ‘বহিরাগত’ বলে অপমান করেছেন, তাই তাঁরা কেন ভোট দেবেন? পাশাপাশি ‘রাষ্ট্রবাদী মুসলিমদের’ তিনি তেজপাতার মতো ব্যবহার করেছেন বলেও তোপ দাগেন শুভেন্দু।
-
কাউন্সিলর কার্ড: অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের বাড়ি বাড়ি যাওয়ার যে নির্দেশ দিয়েছেন, তাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যত কাউন্সিলরদের নিয়ে ঘুরবেন, ততই আমার মঙ্গল। কারণ এমন কোনও কাউন্সিলর নেই যিনি টাকা নেননি বা অত্যাচার করেননি।”
মাল্টি-টাস্কিং প্রচার: শুভেন্দু জানিয়েছেন, তিনি শুধু ভবানীপুর নয়, নিজের পুরনো কেন্দ্র নন্দীগ্রাম এবং অবিভক্ত মেদিনীপুর জেলাতেও বিশেষ নজর রাখবেন। বিশিষ্টজনদের বাড়ি যাওয়ার পাশাপাশি মঠ, মন্দির ও গুরুদ্বারে গিয়েও জনসংযোগ করবেন তিনি।