পুষ্পা ২-এর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রণবীর সিং-এর ‘ধুরন্ধর ২’! মাত্র ১০০ ঘণ্টায় গড়ল কোন কোন ইতিহাস?

বক্স অফিসে স্রেফ ঝড় নয়, রীতিমতো সাইক্লোন নিয়ে হাজির হয়েছেন রণবীর সিং। পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির মাত্র চার দিনেই বক্স অফিসের সমস্ত পুরনো সমীকরণ ওলটপালট করে দিয়েছে। ভারতের মেট্রো শহর থেকে গ্রাম— সর্বত্রই মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনগুলো এখন ‘হাউসফুল’। নির্মাতাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে এই ছবি ৭৬১ কোটি টাকার অবিশ্বাস্য ব্যবসা করেছে।

আয়ের খতিয়ান: মুক্তির আগের দিন ‘পেইড প্রিভিউ’ থেকেই ৪৩ কোটি টাকা আয় করে শুভ মহরত করেছিল ‘ধুরন্ধর ২’। এরপরের চার দিনের পরিসংখ্যান চোখ কপালে তোলার মতো:

  • প্রথম দিন (বৃহস্পতিবার): ১০২.৫৫ কোটি টাকা

  • দ্বিতীয় দিন (শুক্রবার): ৮০.৭২ কোটি টাকা

  • তৃতীয় দিন (শনিবার): ১১৩ কোটি টাকা

  • চতুর্থ দিন (রবিবার): ১১৪.৮৫ কোটি টাকা বর্তমানে ভারতের বাজারে নিট (Net) আয় দাঁড়িয়েছে ৪৫৪.১২ কোটি টাকা। গ্লোবাল আয়ের নিরিখে ভারত থেকে এসেছে ৫৫০ কোটি এবং বিদেশ থেকে ২১১ কোটি টাকা।

যেসব রেকর্ড চুরমার করল ‘ধুরন্ধর ২’: ১. রেকর্ড ওপেনিং: প্রথম দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে হিন্দি সিনেমার ইতিহাসে বৃহত্তম ওপেনিং ডে-র রেকর্ড গড়ল। ২. দ্রুততম ৪০০ কোটি: হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম ৪০০ কোটির মাইলফলক স্পর্শ করল রণবীর-আদিত্য জুটি। ৩. টানা সেঞ্চুরি: প্রথম হিন্দি সিনেমা হিসেবে টানা দু’দিন ১০০ কোটির বেশি নিট আয় করার কৃতিত্ব অর্জন করেছে। ৪. বিশ্বজয়: মাত্র চার দিনে বিশ্বজুড়ে ৭০০ কোটির গ্রস কালেকশন পার করে ২০২৬ সালের সফলতম ভারতীয় সিনেমা হয়ে উঠেছে। ৫. লেজেন্ডদের হার: মাত্র এক সপ্তাহান্তের আয়েই ‘গদর ২’ এবং ‘সালার’-এর মতো মেগা হিটের লাইফটাইম কালেকশনকে টপকে গিয়েছে এই ছবি।