গ্যাস-অম্বলের যন্ত্রণায় জেরবার? মুক্তি পেতে কঙ্গনা রানাওয়াতের এই সহজ ‘ঘরোয়া দাওয়াই’ ট্রাই করুন!

আজ ২৩ মার্চ, ৪০ বছরে পা দিলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। স্পষ্টবক্তা হিসেবে পরিচিত এই অভিনেত্রী নিজের ফিটনেস এবং ডায়েট নিয়েও সমান সচেতন। কঙ্গনা জানিয়েছেন, তিনি দীর্ঘকাল ধরে অতিরিক্ত পিত্ত বা অ্যাসিডিটির সমস্যায় ভুগতেন। আয়ুর্বেদ মতে, শরীরে পিত্তের ভারসাম্য বিগড়ে গেলে হজমের সমস্যা ও গ্যাস-অম্বল দেখা দেয়। তবে কঙ্গনা কোনো দামী ওষুধ নয়, বরং ঘরোয়া ডায়েট দিয়েই এই সমস্যাকে জয় করেছেন।
দিনের শুরুটা হয় যেভাবে: কঙ্গনার সকাল শুরু হয় এক গ্লাস হালকা গরম জল ও মধু দিয়ে। যাদের শরীরে অ্যাসিড বেশি তৈরি হয়, তাদের জন্য এটি মহৌষধ। এরপর চা খাওয়ার আগে তিনি নিয়ম করে ভেজানো কিশমিশ এবং বাদাম খান। কিশমিশ শরীরের অ্যাসিডিক ভাব কমিয়ে পিত্ত শান্ত করতে সাহায্য করে।
ব্রেকফাস্টে রান্না করা খাবার ‘না’: সকালের জলখাবারে কঙ্গনা কোনো তেল-মশলাযুক্ত বা রান্না করা খাবার পছন্দ করেন না। তিনি মূলত মরসুমি ফলের ওপর ভরসা রাখেন। আপেল, আম বা বেদানা— কঙ্গনার ডায়েটে এগুলো মাস্ট। তবে শরীরচর্চা বা ভারী কাজের দিনে তিনি ফলের পাশাপাশি প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবারও রাখেন।
লাঞ্চে লেবুর ম্যাজিক: অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখতে কঙ্গনার দুপুরের খাবার বেশ সাধারণ— ডাল, ভাত আর সবজি। তবে তাঁর একটি বিশেষ কৌশল আছে। তিনি ডাল বা সবজির ওপর সব সময় লেবুর রস চিপে নেন। শুনতে অবাক লাগলেও, লেবু স্বাদে টক হলেও হজম হওয়ার পর শরীরে ক্ষারীয় বা ‘অ্যালকালাইন’ প্রভাব ফেলে, যা অ্যাসিড কমাতে সাহায্য করে। এছাড়া হজমশক্তি বাড়াতে তিনি লাঞ্চে দই খেতেও খুব ভালোবাসেন।