আরজি করে ফের মৃত্যুমিছিল! ট্রমা কেয়ারে শৌচাগার অমিল, লিফট বিভ্রাটে প্রাণ গেল নিমতার বৃদ্ধের

কলকাতার আরজি কর হাসপাতালে ফের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল চত্বর। এবার অব্যবস্থা আর গাফিলতির বলি হলেন নিমতার ছোট ফিঙ্গার এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সি বিশ্বজিৎ সামন্ত। সোমবার ভোররাতের এই ঘটনা হাসপাতালের পরিষেবা এবং পরিকাঠামো নিয়ে একগুচ্ছ অস্বস্তিকর প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ, হাসপাতালের লিফট বন্ধ থাকায় এবং ভেতরে শৌচাগার ব্যবহার করতে না পারায় বাইরের বাথরুমে যেতে গিয়েই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।

পরিবার সূত্রে খবর, রবিবার গভীর রাতে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয় বিশ্বজিৎবাবুর। রাত দেড়টা নাগাদ প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। রাত আড়াইটে নাগাদ তাঁকে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু অভিযোগ, ভর্তির কিছু পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। হাসপাতালের ভেতরে লিফট বন্ধ থাকায় তিনি ওয়ার্ডের শৌচাগার ব্যবহার করতে পারেননি। নিরুপায় হয়ে বাইরের বাথরুম ব্যবহার করতে গেলে সেখানে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। সোমবার ভোরে টালা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতের পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছেন। আচমকা এই মর্মান্তিক ঘটনায় তাঁরা শোকস্তব্ধ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং হাসপাতালের চরম গাফিলতি। ট্রমা কেয়ার সেন্টারের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে কেন লিফট বন্ধ থাকবে এবং কেন রোগীকে বাইরে শৌচালয়ে যেতে হবে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। আরজি করের নিরাপত্তা ও নজরদারি নিয়ে বারবার প্রশ্ন উঠলেও পরিস্থিতির যে কোনো বদল হয়নি, এই ঘটনা তারই প্রমাণ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো সাফাই মেলেনি।