রোদ ঝলমলে সকালে ধোঁকা খাবেন না! সপ্তাহান্তে ফের কালবৈশাখীর ভ্রুকুটি বঙ্গে

উইকএন্ডের বৃষ্টি শেষে সোমবারের সকালটা রোদ ঝলমলে হলেও স্বস্তির উপায় নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই কাটছে না পশ্চিমী ঝঞ্ঝার রেশ। নতুন করে তৈরি হওয়া ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তেই ফের ভিজতে চলেছে বাংলা। বিশেষ করে শুক্র ও শনিবার গোটা রাজ্যে বৃষ্টির দাপট বাড়বে বলে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া, যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
তবে বৃষ্টির সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিনে বাংলার তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও এখনই লু বা কাঠফাটা গরমের সম্ভাবনা নেই, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির আশেপাশে। তবে দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির বিরাম নেই। আজও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ ওপরের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নীচের দিকের জেলাগুলি আজ শুষ্ক থাকলেও সপ্তাহান্তে সেখানেও বৃষ্টির দাপট ফিরবে। তাই সপ্তাহের শুরুটা শুকনো হলেও সপ্তাহের শেষে ফের ছাতা আর রেনকোটই হতে চলেছে নিত্যসঙ্গী।