ডিজিটাল লেনদেনে বড় বদল! ১ এপ্রিল থেকে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করল আরবিআই

ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমাদের দৈনন্দিন লেনদেন এখন অনেকটাই স্মার্টফোন নির্ভর। তবে এই সুবিধার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণা ও ফিশিং অ্যাটাক। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখতে এবার কোমর বেঁধে নামল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। আগামী ১ এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ (2FA) বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, এখন থেকে শুধু পিন বা পাসওয়ার্ড দিলেই হবে না, লেনদেন সম্পূর্ণ করতে প্রয়োজন হবে অতিরিক্ত আরও একটি স্তরের নিরাপত্তা।
আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, এই দ্বিতীয় স্তরের নিরাপত্তা হিসেবে পাসওয়ার্ড, পিন, এসএমএস ওটিপি, হার্ডওয়্যার টোকেন বা ফিঙ্গারপ্রিন্ট/ফেসিয়াল রেকগনিশনের মতো বায়োমেট্রিক ব্যবহার করা যাবে। তবে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে—এই দুটির মধ্যে একটি ফ্যাক্টর অবশ্যই ‘ডায়নামিক’ হতে হবে, যা প্রতিবার লেনদেনের সময় নতুন করে তৈরি হবে (যেমন ওটিপি)। ব্যাঙ্ক এবং ফিনটেক সংস্থাগুলি গ্রাহকদের পছন্দমতো নিরাপত্তার স্তর বেছে নেওয়ার সুযোগ দিতে পারবে।
রিজার্ভ ব্যাঙ্ক সাফ জানিয়েছে, যদি কোনও সংস্থা এই নিয়ম অমান্য করে এবং তার ফলে গ্রাহক প্রতারণার শিকার হন, তবে তার দায়ভার সংশ্লিষ্ট সংস্থাকেই নিতে হবে। দেশের অভ্যন্তরে ১ এপ্রিল থেকে এই নিয়ম চালু হলেও, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ১ অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। ইউপিআই (UPI) এবং মোবাইল ওয়ালেটের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বিনা অনুমতিতে লেনদেন রুখতে আরবিআই-এর এই পদক্ষেপ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিচ্ছিদ্র ও নির্ভরযোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে।