নিউ ইয়র্কে রানওয়েতে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ! এয়ার কানাডার বিমানের ধাক্কায় মৃত ২ উদ্ধারকারী

নিউ ইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে সোমবার (২৩ মার্চ) ভোরে ঘটে গেল এক ভয়াবহ রক্তক্ষয়ী দুর্ঘটনা। মন্ট্রিয়ল থেকে আসা ‘এয়ার কানাডা এক্সপ্রেস’-এর (ফ্লাইট AC8646) একটি যাত্রীবাহী বিমান অবতরণের পর রানওয়েতে বিমানবন্দরেরই একটি পোর্ট অথরিটি দমকলের গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা মারে। এই মর্মান্তিক সংঘর্ষে অন্তত ২ জন উদ্ধারকারীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৭০ জন যাত্রী ও কর্মী। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার সময় বিমানটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, সংঘর্ষের তীব্রতায় বিমানটির সামনের অংশ বা ‘নোজ’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি ওপরের দিকে হেলে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ২৪ মাইল প্রতি ঘণ্টা গতিতে ট্যাক্সিং করার সময় বিমানটি রানওয়ে ৪-এ থাকা দমকলের গাড়িটিকে ধাক্কা দেয়। জানা গিয়েছে, সংঘর্ষের ঠিক কয়েক মুহূর্ত আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) বারবার গাড়িটিকে থামার জন্য ‘স্টপ, স্টপ, স্টপ’ বার্তা পাঠালেও তা কাজ করেনি।
এই ঘটনার পরপরই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) বিমানবন্দরে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করে সমস্ত বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সোমবার দুপুর ২টো পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে কয়েক হাজার যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন। মার্কিন তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ব্ল্যাক বক্স ও এটিসি অডিও পরীক্ষা শুরু করেছে। উদ্ধারকাজ চলায় এবং নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।