পিএসএল ফেলে আইপিএলে দসুন শনাকা! বিসিসিআই-এর দাপটে ফের বিশ্বমঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের!

বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একাধিপত্য আর আইপিএলের গ্ল্যামারের সামনে আরও একবার খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। আইপিএল ২০২৬-কে টেক্কা দেওয়ার লক্ষ্য নিয়ে একই সময়ে পাকিস্তান সুপার লিগ (PSL) আয়োজন করেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই চরম বিড়ম্বনায় পড়ল পাকিস্তান। পিএসএল-এর চুক্তি হেলায় তুচ্ছ করে আইপিএলের টানে ভারতমুখী হলেন শ্রীলঙ্কার টি-২০ অধিনায়ক দসুন শনাকা।

শোনা গিয়েছিল, এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন শনাকা। কিন্তু আইপিএলের মেগা মঞ্চে রাজস্থান রয়্যালসের দরজা খুলে যেতেই ভোলবদল করলেন লঙ্কান অলরাউন্ডার। রাজস্থান রয়্যালসের চোট পাওয়া তারকা স্যাম কারানের পরিবর্ত হিসেবে শনাকাকে সই করানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এর আগে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারবানিও একইভাবে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিলামে অবিক্রিত থাকলেও, ভাগ্যের জোড়ে সুযোগ আসতেই পাকিস্তানের লিগকে বাতিলের খাতায় ফেলে দিলেন এই বিদেশি তারকারা।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যারা পিএসএল ছেড়ে অন্য লিগে যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কার্যত সেই হুমকিকে থোড়াই কেয়ার করছেন ক্রিকেটাররা। কারণটা পরিষ্কার—আর্থিক লাভ এবং পেশাদারিত্বের নিরিখে আইপিএলের ধারেকাছেও নেই পিএসএল। রাজস্থান রয়্যালসের এক কর্তা জানিয়েছেন, শনাকার সঙ্গে কথা পাকা, এখন শুধু শ্রীলঙ্কা ক্রিকেটের ছাড়পত্রের অপেক্ষা। ২০২৬ টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নজরে এসেছেন শনাকা ও মুজারবানি। এই ঘটনা আন্তর্জাতিক মহলে পিসিবি-র ভাবমূর্তিকে বড়সড় ধাক্কা দিল বলেই মনে করছে ক্রিকেট মহল।