আকাশ থেকে সোজা মৃত্যুপুরী! ছত্তিশগড়ে রোপওয়ে ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা, মুহূর্তে সব শেষ

রবিবার ছুটির দিনের সকালে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনার সাক্ষী থাকল ছত্তিশগড়। খল্লারি মাতা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ল রোপওয়ের কেবল। ১০০ ফুটেরও বেশি উচ্চতা থেকে পাথুরে জমিতে আছড়ে পড়ে একটি ট্রলি। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২৮ বছর বয়সী এক তরুণী, গুরুতর আহত আরও ৭ জন তীর্থযাত্রী।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ১০টা নাগাদ ৮ জন যাত্রী নিয়ে ট্রলিটি পাহাড়ের ওপর থেকে নিচে নামছিল। আচমকাই যান্ত্রিক ত্রুটির জেরে রোপওয়ের কেবল ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সজোরে মাটিতে আছড়ে পড়ে। মৃত তরুণীর নাম আয়ুসি সতকর। প্রত্যক্ষদর্শীদের দাবি, চোখের পলকে সব শেষ হয়ে গেল। যাত্রীরা চিৎকার করার সুযোগটুকুও পাননি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পাহাড়ের ওপর রোপওয়ের রক্ষণাবেক্ষণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং রোপওয়ে পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।