মোদীর কোলে এই ‘খুদে বন্ধু’টি কে? ৭ লোক কল্যাণ মার্গের ভাইরাল ছবির আসল রহস্য ফাঁস!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি ছবি বর্তমানে নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে এক খুদে অতিথির সঙ্গে মোদীর আদুরে মুহূর্ত দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। ছবিটি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ১৭ লক্ষেরও বেশি লাইক কুড়িয়ে নিয়েছে। কিন্তু কে এই শিশুটি? কেনই বা সে প্রধানমন্ত্রীর অন্দরমহলে যাওয়ার সুযোগ পেল? সেই রহস্যের উন্মোচন হয়েছে।

ভাইরাল হওয়া এই খুদেটির নাম নিওম অশ্বিন কৃষ্ণ, যাকে পরিবারে সবাই ভালোবেসে ‘ওমি’ বলে ডাকে। সে আসলে কেরালার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিয়া কৃষ্ণের পুত্র এবং দক্ষিণী অভিনেতা তথা বিজেপি ঘনিষ্ঠ রাজনীতিবিদ কৃষ্ণকুমারের নাতি। সম্প্রতি কৃষ্ণকুমার তাঁর পুরো পরিবারসহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই দলেই ছিলেন তাঁর স্ত্রী সিন্ধু, চার কন্যা—আহানা, দিয়া, ঈশানি, হংসিকা এবং জামাতা অশ্বিন।

প্রায় এক ঘণ্টা সময় এই পরিবারের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী। মোদী নিজের পোস্টে শিশুটিকে ‘খুদে বন্ধু’ বলে সম্বোধন করেছেন। দিয়া কৃষ্ণ এই মুহূর্তটিকে তাঁর জীবনের শ্রেষ্ঠ ‘ফ্যান মোমেন্ট’ বলে বর্ণনা করে লিখেছেন, “বিশ্বাসই হচ্ছে না যে আমরা মোদীজির সঙ্গে সময় কাটিয়েছি, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি।” অন্যদিকে, অভিনেত্রী আহানা কৃষ্ণ প্রধানমন্ত্রীর অমায়িক ব্যবহারের প্রশংসা করে জানান, বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হওয়া সত্ত্বেও মোদীজি যেভাবে তাঁদের সঙ্গে সহজ-সরল আলাপচারিতায় মেতেছিলেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। রাজনৈতিক ও গ্ল্যামার দুনিয়ার এই মেলবন্ধন এখন সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রে।