যোগী সরকারের ৯ বছর: বদলে গেল উত্তরপ্রদেশের কৃষিচিত্র! ৮৬ লক্ষ কৃষকের ঋণ মকুব, উৎপাদনেও বিশ্বরেকর্ড

যোগী আদিত্যনাথ সরকারের ৯ বছর পূর্তিতে রাজ্যের কৃষিতে ‘যুগান্তকারী’ পরিবর্তনের খতিয়ান পেশ করলেন কৃষিমন্ত্রী সূর্য প্রতাপ শাহী। তাঁর দাবি, ২০১৭ সালের আগে যেখানে কৃষকরা সার ও বিদ্যুতের জন্য হাহাকার করতেন, আজ সেখানে উত্তরপ্রদেশ একটি ‘মডেল কৃষি রাজ্যে’ পরিণত হয়েছে।

ঋণ মকুব ও আর্থিক সুরক্ষা: মন্ত্রী জানান, ক্ষমতায় আসার পরই প্রায় ৮৬ লক্ষ কৃষকের ৩৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ মকুব করেছে যোগী সরকার। এছাড়াও ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’র আওতায় ৩ কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে প্রায় ৯৯,৫০০ কোটি টাকা সরাসরি পাঠানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৭ লক্ষ কৃষককে ৫,৬৬০ কোটি টাকা বিমার টাকা দেওয়া হয়েছে।

উৎপাদন ও পরিকাঠামোয় রেকর্ড:

  • রেকর্ড ফলন: ২০১৭ সালে যেখানে খাদ্যশস্য উৎপাদন ছিল ৫৪৭ লক্ষ মেট্রিক টন, ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৭ লক্ষ মেট্রিক টনে।

  • সেচ ও বিদ্যুৎ: ৩০ লক্ষ হেক্টরের বেশি জমি নতুন করে সেচের আওতায় আনা হয়েছে এবং ১৬ লক্ষ কৃষকের টিউবওয়েলের বিদ্যুৎ বিল মকুব করা হয়েছে।

  • আখ চাষিদের সুদিন: আখের দাম কুইন্টাল প্রতি ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে এবং ৩ লক্ষ ১৫ হাজার কোটি টাকার বকেয়া মেটানো হয়েছে।