গরু পাচার রুখতে ব্যর্থ হলে কড়া শাস্তি! উত্তরপ্রদেশের আধিকারিকদের চাকরি যাওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরু পাচার রুখতে রাজ্য প্রশাসনের আধিকারিকদের চরম হুঁশিয়ারি দিলেন। মথুরার কোসি কালান এলাকায় এক গো-রক্ষকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রেক্ষিতে এই কড়া পদক্ষেপ নিলেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “অফিসে বসে ফাইল ঘাঁটার দিন শেষ, এবার মাঠে নেমে কাজ করতে হবে।” যদি কোনো এলাকায় গরু পাচারের খবর পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট আধিকারিকদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে।

মথুরার সেই অভিশপ্ত রাত: স্থানীয় সূত্রে খবর, ‘ফরসা ওয়ালে বাবা’ নামে পরিচিত গো-রক্ষক চন্দ্রশেখর একটি সন্দেহভাজন ট্রাক থামানোর চেষ্টা করলে তাঁকে চাপা দিয়ে পিষে মারা হয়। যদিও পুলিশের দাবি এটি কুয়াশার কারণে হওয়া দুর্ঘটনা, কিন্তু স্থানীয়দের দাবি এটি সুপরিকল্পিত হত্যা। এই ঘটনার জেরে দিল্লি-আগ্রা হাইওয়ে অবরোধ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

আধিকারিকদের জন্য যোগীর ৫ নির্দেশ: ১. গরু পাচার রুখতে ব্যর্থ হলে আধিকারিকদের চাকরি বা পদ খোয়াতে হতে পারে। ২. প্রত্যেক গোশালায় সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক এবং ‘ভুসা ব্যাঙ্ক’ তৈরি করতে হবে। ৩. রাতের বেলা হাইওয়েতে বিশেষ পুলিশি টহল ও নজরদারি বাড়াতে হবে। ৪. গো-রক্ষণের জন্য গঠন করতে হবে বিশেষ টাস্ক ফোর্স। ৫. সন্দেহভাজন প্রতিটি যানবাহন তল্লাশি করতে হবে এবং কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না।