মেনুতে সুক্তো থেকে কড়কড়ে মাছ ভাজা! ভোটের ময়দানে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন রুদ্রনীল ঘোষ?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্রের লড়াই এবার জমে উঠেছে। ঘরের ছেলে রুদ্রনীল ঘোষকে এবার বিজেপি প্রার্থী হিসেবে ভোট ময়দানে নতুন চ্যালেঞ্জের মুখে দেখা যাচ্ছে। তৃণমূলের রানা চট্টোপাধ্যায় এবং ফরওয়ার্ড ব্লকের জগন্নাথ ভট্টাচার্যের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে নামার আগে অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল নজর দিচ্ছেন তাঁর ফিটনেসে।

রুদ্রনীলের ‘খাস’ মেনু: ভোটের গরমে শরীর ঠিক রাখতে বাঙালি আনাতেই ভরসা রাখছেন রুদ্র। দুপুরের মেনুতে থাকছে পটল-আলু-বেগুন ভাজার সঙ্গে মুগের ডাল এবং কড়কড়ে কাতলা মাছ ভাজা। প্রথম পাতে ঘি আর কাঁচালঙ্কা তাঁর চাই-ই। প্রিয় পদের তালিকায় সজনের ডাঁটার পাতলা ঝোল আর আলু-পোস্তও বাদ পড়ছে না। তবে রাজনীতির লড়াই নিয়ে রুদ্রনীলের সাফ কথা, “কেউ তেতো নন, লড়াই লড়াইয়ের মতোই হবে।”

বিয়ের সানাই কি তবে বাজছে? দীর্ঘদিন ধরেই রুদ্রনীলের বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। এবার সরাসরি জবাব দিলেন অভিনেতা। মুচকি হেসে তিনি জানালেন, “ভোটে জিততে পারলে বিয়েতেও রাজি আমি।” এমনকি বিয়ে করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার বিখ্যাত ‘লাল দই’ খাওয়ানোর ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। আপাতত শিবপুরের অলিগলি চষে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী, লক্ষ্য একটাই—ভোটে জয় এবং তারপর সম্ভবত ছাদনাতলা!