বিমানে চড়লে এবার পকেটে টান! যুদ্ধ আবহে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, সোমবার থেকে আকাশছোঁয়া হতে পারে ভাড়া

সোমবার থেকে অন্তর্দেশীয় বিমানে যাতায়াত আরও ব্যয়বহুল হতে চলেছে। কেন্দ্রীয় সরকার বিমান ভাড়ার ওপর থেকে ‘ক্যাপিং’ বা সর্বোচ্চ মূল্যসীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেটের মতো সংস্থাগুলি এখন থেকে স্বাধীনভাবে টিকিটের দাম নির্ধারণ করতে পারবে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ায় এই সিদ্ধান্ত আমজনতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

কেন এই সিদ্ধান্ত? ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলি দীর্ঘদিন ধরে টিকিটের সর্বোচ্চ মূল্যসীমা তোলার আবেদন জানিয়ে আসছিল। ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স’-এর দাবি ছিল, ভাড়ার সীমাবদ্ধতার কারণে বিমান সংস্থাগুলি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গত ডিসেম্বর মাসে যাত্রীদের স্বার্থে ইকোনমি ক্লাসের টিকিটের সর্বোচ্চ দাম ১৮ হাজার টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্র। কিন্তু বর্তমান জ্বালানি সংকটে সেই নিয়ম আর বজায় রাখা সম্ভব হচ্ছে না।

জ্বালানি সারচার্জ ও অতিরিক্ত ভাড়ার আশঙ্কা: ইতিমধ্যেই তেলের দাম বাড়ায় বিমান সংস্থাগুলি টিকিটের ওপর ৪০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত ফুয়েল সারচার্জ বসিয়েছে। এবার সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় চাহিদার ভিত্তিতে ভাড়ার পরিমাণ আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কেন্দ্র স্পষ্ট করেছে, যদি কোনো সংস্থা অযৌক্তিক বা অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করে, তবে সরকার পুনরায় হস্তক্ষেপ করতে পারে।